'নয়নের মাঝখানে' হয়নি তাঁদের ঠাঁই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০০২ সালের পর আর কারও নাম যুক্ত করা হয়নি এই তালিকায়
২০০২ সালের পর আর কারও নাম যুক্ত করা হয়নি এই তালিকায়

দেয়ালে কালো বর্ডারের ভেতর সাদা রঙের বোর্ডে কালো অক্ষরে লেখা অনেক নাম। নামগুলো চলচ্চিত্র জগতের খ্যাতিমান প্রয়াত ব্যক্তিদের। নামগুলোর ওপরেই লেখা ‘নয়ন সম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছ যে ঠাঁই।’ তবে ২০০২ সালের পর মারা যাওয়া খ্যাতিমান ব্যক্তিদের নামের ঠাঁই হয়নি সেখানে। কারণ, এরপর আর ওই তালিকা হালনাগাদ করা হয়নি।
রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ভেতর এই তালিকা রয়েছে। এতে নাম নেই সুভাষ দত্ত, চাষী নজরুল ইসলাম, আনোয়ার হোসেনের মতো খ্যাতিমান ব্যক্তিদের। তালিকায় নাম না ওঠা চলচ্চিত্র ব্যক্তিত্বদের পরিবার এবং চলচ্চিত্র-সংশ্লিষ্ট ব্যক্তিরা এ নিয়ে মনে কষ্ট পাচ্ছেন। তাঁদের কেউ কেউ বিষয়টিকে প্রয়াত শিল্পী ও চলচ্চিত্র-সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য অপমানকর বলেও মন্তব্য করেছেন।
বিএফডিসির ওয়েবসাইটেও গত বছর মারা যাওয়া অভিনেতা খলিল উল্লাহ খানের মৃত্যুর খবর ছাড়া আর কারও নাম নেই।
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক তপন কুমার ঘোষ প্রথম আলোকে বলেন, ‘আমি দায়িত্ব পেয়েছি মাত্র পাঁচ মাস আগে। প্রয়াত সুভাষ দত্তের ছেলের কাছ থেকে এ-সংক্রান্ত একটি আবেদন পেয়েছি। চলচ্চিত্রে অবদান রাখা ব্যক্তিদের নাম খুব শিগগির তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।’
১৯৭০ সালে মারা যাওয়া কাজী খালেকের নাম দিয়ে ওই তালিকা শুরু। তালিকায় সর্বশেষ নামটি ২০০২ সালে মারা যাওয়া রওশন জামিলের। এরপর গত প্রায় ১৩ বছরে বাংলা চলচ্চিত্রে অবদান রাখা যাঁরা মারা গেছেন, তাঁদের নাম ঠাঁই পায়নি ওই তালিকায়। বোর্ডে রওশন জামিলের নামের পর বেশ খানিকটা জায়গা ফাঁকা। এই তালিকা কবে করা হয়েছে এবং সর্বশেষ কবে হালনাগাদ করা হয়েছে, সেই তথ্য পাওয়া গেল না সরকারি এই প্রতিষ্ঠানের কর্মকর্তাদের কাছে।
চলচ্চিত্র-সংশ্লিষ্ট ব্যক্তিরা বললেন, দীর্ঘদিন আগে এই তালিকা টাঙানো হয়েছে, সর্বশেষ হালনাগাদও হয়েছে দীর্ঘদিন আগে। তালিকায় আরও নাম ওঠানোর বিষয়টি বহুবার আলোচনায় এলেও কর্তৃপক্ষ কানে তোলেনি।
তালিকায় কাজী খালেকের পর শহীদ আলতাফ মাহমুদ, রাজু আহমেদ, ফতেহ লোহানী, বশীর হোসেন, সৈয়দ মোহাম্মদ পারভেজ, সাধন রায়, আলমগীর কবির, জাফর ইকবাল, মুস্তাফিজুর রহমান, কাজী জহির, আবদুল জব্বার খান, খান আতাউর রহমান, সত্য সাহা, এহতেশামুর রহমানের নাম আছে।
বিএফডিসির মূল পরিচালনা বোর্ডের সদস্য থাকেন প্রযোজক সমিতির প্রতিনিধি। প্রযোজক সমিতির যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম প্রথম আলোকে বলেন, ‘প্রতি তিন মাস পরপর বোর্ডের সভা হওয়ার কথা থাকলেও তা দীর্ঘদিন পরপর হয়। তাই কর্তৃপক্ষ বিশেষ করে আগের ব্যবস্থাপনা পরিচালককে আমি ব্যক্তিগতভাবে ওই তালিকার বিষয়ে বেশ কয়েকবার তাগাদা দিয়েছি। চলচ্চিত্র পরিচালক চাষী নজরুল ইসলাম, অভিনেতা আনোয়ার হোসেন, নায়ক মান্না, কৌতুক অভিনেতা দিলদারসহ অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তির নাম তালিকায় নেই। বিষয়টি খুবই অপমানজনক এবং হতাশাজনক। তালিকায় চলচ্চিত্রের সঙ্গে সম্পৃক্ত সবার নাম হয়তো দেওয়া যাবে না। কিন্তু যাঁদের নাম কোনোভাবেই বাদ দেওয়ার উপায় নেই, তাঁদের নাম তালিকায় থাকবে না, তা হতে পারে না।’
চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব মুশফিকুর রহমান গুলজার বলেন, ‘কর্তৃপক্ষকে বিষয়টি বলা হয়েছে। একবার তো পুরো তালিকা ঢেকে দেওয়া হয়েছিল। পরে বলেছে, তালিকা সংস্কারের জন্য তা করা হয়েছিল। এরপর কর্তৃপক্ষ সংস্কারের কথা অনেকবার বলেছে। তবে তা হয়নি।’
শিল্পী সমিতির সাধারণ সম্পাদক অমিত হাসান বললেন, কর্তৃপক্ষ যাতে তালিকাটি দ্রুত হালনাগাদ করে, সেদিকে নজর দেবেন।