‘নয়াপৃথিবী’র সম্পাদকের বিরুদ্ধে মেয়রের মামলা
নোয়াখালীর স্থানীয় দৈনিক নয়াপৃথিবীর সম্পাদক ও প্রকাশক মো. জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন নোয়াখালী পৌরসভার মেয়র মো. হারুনুর রশীদ। স্থানীয় আদালতে গত মঙ্গলবার এ মামলা করা হয়।মামলার আরজিতে বলা হয়, দৈনিক নয়াপৃথিবীর বিভিন্ন সংখ্যায় পৌর মেয়রকে জড়িয়ে মিথ্যা ও মনগড়া তথ্যসমৃদ্ধ বেশ কয়েকটি প্রতিবেদন প্রকাশিত হয়।পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক মো. জাহাঙ্গীর আলম প্রথম আলোর কাছে দাবি করেন, যথাযথ অভিযোগ ও তথ্য-প্রমাণের ভিত্তিতে তাঁর পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে। এ ব্যাপারে মেয়রের প্রতিবাদও পত্রিকায় প্রকাশ করা হয়েছে। স্বাধীন ও সত্যনিষ্ঠ সংবাদপত্রের কণ্ঠরোধের জন্য মেয়র মামলা করেছেন। তিনি পত্রিকাটির অনুমোদন বাতিলের দাবি জানিয়ে জেলা প্রশাসক বরাবর আবেদন করেছেন। তবে ওই আবেদনের কার্যকারিতা স্থগিত করেছেন সহকারী জজ আদালত। এ ছাড়া জেলা পুলিশ সুপারের কাছেও একটি অভিযোগ করেছেন মেয়র।মেয়র হারুনুর রশীদ দাবি করেন, দৈনিক নয়াপৃথিবীর বিরুদ্ধে পর্যাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতেই তিনি মামলা করেছেন। পৌরসভা ও তাঁর বিরুদ্ধে আক্রমণাত্মক সংবাদ প্রকাশ করায় পৌর পরিষদের সভায় ওই পত্রিকার বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত হয়।