'পকেট কমিটি' বাতিল দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির গঠনতন্ত্র লঙ্ঘন করে ঢাকার নবাবগঞ্জ উপজেলার আগের কমিটি বাতিল করে নতুন কমিটি গঠন করা হয়েছে। বিএনপির ঢাকা জেলা শাখার সভাপতি আবদুল মান্নান গত শুক্রবার রাতে রাজধানীর ধানমন্ডিতে নিজের বাসায় ওই কমিটি গঠন করেন।
নতুন কমিটি গঠনের প্রক্রিয়াকে অগণতান্ত্রিক ও গঠনতন্ত্রবিরোধী দাবি করে গতকাল রোববার নবাবগঞ্জ উপজেলায় ঝাড়ু নিয়ে বিক্ষোভ মিছিল বের করে দলের একটি অংশ। এই পক্ষের নেতৃত্ব দিচ্ছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, নবাবগঞ্জ উপজেলার সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার আবু আশফাক।
গঠনতন্ত্র লঙ্ঘন: কমিটি গঠন প্রসঙ্গে বিএনপির গঠনতন্ত্রে বলা আছে, উপজেলার সব ইউনিয়নের কার্যকরী কমিটির সদস্যদের নিয়ে উপজেলা কাউন্সিল গঠিত হবে। ওই কাউন্সিলের সদস্যরা দুই বছরের জন্য তাঁদের মধ্য থেকে সর্বোচ্চ ১০১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করবেন। কমিটির অনুমোদন দেবে জেলা কমিটি।
বিএনপির নবাবগঞ্জের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আহমেদ প্রথম আলোকে বলেন, আবদুল মান্নান ও তাঁর কমিটির সাধারণ সম্পাদক আমান উল্লাহ কাউকে না জানিয়েই শুক্রবার রাতে ধানমন্ডিতে মান্নানের বাসায় নিজের পক্ষের কিছু নেতা-কর্মীকে ডেকে নিয়ে পকেট কমিটি করেন। এটি অগণতান্ত্রিক ও দলকে ক্ষতি করার অপপ্রয়াস মাত্র। ওই কমিটি বাতিলের দাবি জানিয়ে দলের কেন্দ্রীয় কমিটির কাছে আবেদন পাঠানো হবে।
বিক্ষোভ: বিএনপির একাধিক নেতা-কর্মী জানান, ৫১ সদস্যবিশিষ্ট কমিটিতে মান্নানের পক্ষের আবেদ হোসেনকে সভাপতি ও হারুনুর রশীদ ওসমানীকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এতে আশফাকের পক্ষের কাউকে স্থান দেওয়া হয়নি। এ কারণে তাঁরা ক্ষুব্ধ হয়ে গতকাল বিএনপির উপজেলা কার্যালয় থেকে ঝাড়ু নিয়ে মিছিল বের করেন। মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনারের গেলে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা মান্নান ও আমানের কুশপুত্তলিকা দাহ করেন। পরে তাঁরা দলীয় কার্যালয়ে প্রতিবাদ সভা করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাতিল হওয়া কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি ইফতেখার আল ফারুকী, সহসভাপতি আবদুল ওয়াহিদ মিয়া, সাধারণ সম্পাদক সৈয়দ আহমেদ খান, যুবদলের উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ কামাল, ছাত্রদলের সভাপতি রাকিবুজ্জামান, মহিলা দলের উপজেলা শাখার সভাপতি বিলকিছ চৌধুরী প্রমুখ।
এ ব্যাপারে বক্তব্য জানতে আবদুল মান্নানের মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তিনি ধরেননি।
আমান উল্লাহর মুঠোফোনে কল দিয়ে কমিটি গঠনের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ‘উত্তরাঞ্চলে খালেদা জিয়ার সফরসঙ্গী হিসেবে ব্যস্ত আছি। পরে কথা বলব।’