‘পঙ্গু ও বেকার শ্রমিকদের কল্যাণার্থে’ চাঁদাবাজি!
নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী-পঞ্চবটী সড়কে ‘পঙ্গু ও বেকার শ্রমিকদের কল্যাণার্থে’ ট্রাকচালক ইউনিয়নের নামে চাঁদাবাজি চলছে। ওই সড়ক দিয়ে চলাচলকারী প্রতিটি ট্রাক থেকে ১০ টাকা করে চাঁদা আদায় করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।সূত্র জানায়, ৬ এপ্রিল পঞ্চবটী-বক্তাবলী ফেরিঘাট (প্রস্তাবিত) সড়কের পূর্ব গোপালনগর এলাকায় বাংলাদেশ আন্তজিলা ট্রাকচালক ইউনিয়নের কার্যালয়ের উদ্বোধন করা হয়। ওই কার্যালয়ের সামনে প্রতিদিন সড়কে চলাচলকারী প্রতিটি ট্রাক থেকে ১০ টাকা করে চাঁদা আদায় করা হয়। প্রথম দিকে চাঁদা আদায় করা হতো কোনো রসিদ ছাড়া। গত শুক্রবার থেকে চাঁদার রসিদ দেওয়া হচ্ছে। ইউনিয়ন অফিসের সামনে ব্যানারে লেখা রয়েছে সভাপতি আবু সাউদ আতাউর, সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, সাংগঠনিক সম্পাদক জাহিদুজ্জামান নয়ন। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় সূত্র জানায়, এ তিনজনের কেউই পেশাদার চালক নন। সভাপতি এলাকায় ‘গলাকাটা আতাউর’ নামেই বেশি পরিচিত। তাঁর বিরুদ্ধে চাঁদাবাজি ও জমি দখলের অভিযোগ রয়েছে।স্থানীয় সূত্র জানায়, কোনো কোনো ট্রাক দিনে-রাতে পাঁচবারও পণ্য পরিবহন করে থাকে। ওই সব ট্রাক থেকে প্রতিবার ১০ টাকা করে চাঁদা আদায় করা হয়। সভাপতি আবু সাউদ আতাউর ও তার লোকজনের ভয়ে স্থানীয় ব্যবসায়ী, ট্রাকমালিক ও শ্রমিকেরা কেউই প্রকাশ্যে মুখ খুলতে সাহস পান না। সূত্রমতে, প্রতিদিন প্রায় ১০ হাজার টাকা চাঁদা আদায় করা হয়। চাঁদা আদায়ের রসিদে লেখা রয়েছে, বাংলাদেশ আন্তজিলা ট্রাকচালক ইউনিয়ন (রেজি নং-বি-১৬৬৫) শাখা কার্যালয়-পাগলা বাজার, পূর্ব গোপালনগর, বক্তাবলী গুদারাঘাট, ফতুল্লা, নারায়ণগঞ্জ। পঙ্গু ও বেকার শ্রমিকদের কল্যাণার্থে ১০ টাকা চাঁদা আদায়ের কথা উল্লেখ রয়েছে রসিদে। এ ব্যাপারে আবু সাউদ আতাউরের বক্তব্য জানার জন্য গতকাল শনিবার একাধিকবার তাঁর মুঠোফোনে ফোন করা হলে তিনি ফোন ধরেননি। তবে বাংলাদেশ আন্তজিলা ট্রাকচালক ইউনিয়ন পাগলা বাজার শাখার সভাপতি, জাতীয় শ্রমিক লীগের ফতুল্লা আঞ্চলিক কমিটির সভাপতি কাউসার আহমেদ পলাশ বলেন, ‘৬ এপ্রিল ইউনিয়নের একটি কার্যালয় আমার উপস্থিতিতে চালু হয়েছে। তবে প্রতি ট্রাক থেকে চাঁদা আদায়ের বিষয়টি আমার জানা নেই।’ তিনি বলেন, ইউনিয়নের প্রতি সদস্য প্রতি মাসে পঙ্গু ও বেকার শ্রমিকদের কল্যাণ তহবিলে ২০ টাকা করে চাঁদা দেন। রাস্তায় ট্রাক থামিয়ে এ জন্য কোনো চাঁদা তোলার নিয়ম নেই।বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত আলী বলেন, ‘চালক ইউনিয়নের কার্যালয় উদ্বোধনের দিন আমাকেও অতিথি করা হয়েছিল। কিন্তু আমি যাইনি। পরে শুনেছি, ইউনিয়নের নামে রাস্তায় প্রতি ট্রাক থেকে চাঁদা তোলা হচ্ছে। এসব চাঁদাবাজির সঙ্গে ব্যক্তিগতভাবে আমার কোনো সংশ্লিষ্টতা নেই। স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে এলাকায় এ ধরনের চাঁদাবাজি আমি সমর্থন করি না।’ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন বলেন, এ ব্যাপারে পুলিশের কাছে কেউ কোনো অভিযোগ করেনি। এখন এ ব্যাপারে খোঁজখবর নেওয়া হবে।