‘শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও একজন উপপরিদর্শক আমাকে বললেন, ভাইয়ের জন্য দোয়া করেন। আমাদের জন্যও দোয়া করেন। কোনো রাগ রাইখেন না। দেখি কী করা যায়।’
কথাগুলো বলছিলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে চিরতরে পঙ্গু হয়ে যাওয়া কলারোয়া ছাত্রদলের সভাপতি আবদুল মজিদের ছোট ভাই আবদুল আজিজ। তিনি বললেন, ‘তখনো বুঝিনি পুলিশ কেন এসব কথা বলছে।’
কলারোয়া উপজেলা পরিষদের কার্যালয়ে বসে আবদুল আজিজ প্রথম আলোকে বলেন, আরও দুজনকে গ্রেপ্তার করে এনে মজিদের সঙ্গে থানায় রাখা হয়েছিল। কথা বলে জেনেছি, এঁদের একজন শহিদুল ইসলাম, সদর উপজেলার কাসেমপুরের জামায়াত নেতা। আরেকজন ছিলেন রাজু। তিনি ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত। তাঁর বাড়ি যশোরের কোথাও। এই তিনজনকে একই সঙ্গে সারা রাত থানায় রাখা হয়েছিল। থানা থেকে আদালতের পথে নেওয়াও হয়েছিল একসঙ্গে। আজিজ আরও জানালেন, খবর পেয়ে তিনি ওই সময় সারা রাতই থানার বাইরে ছিলেন। এমনকি কয়েকবার ওদের সঙ্গেও কথা হয়েছিল।
আবদুল আজিজ বলেন, ‘আমরা আমাদের ভাইকে পঙ্গু অবস্থায় পেয়েছি। খুব খারাপ লাগছিল। তার পরেও পঙ্গু ভাইকে পেয়ে আমরা ভাগ্যবান। কারণ বাকি দুজনের লাশ পাওয়া গিয়েছিল যশোরের দুটি স্থানে।’
গত ৪ ফেব্রুয়ারি পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার দুই দিন পর গুলিবিদ্ধ মজিদকে সাতক্ষীরা সদর হাসপাতালে খুঁজে পান তাঁর পরিবারের সদস্যরা। সেখানে আসামি হিসেবে পুলিশি হেফাজতে চিকিৎসা দেওয়া হচ্ছিল। এরপর ঢাকায় পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। সেখানে তাঁর বাঁ পা হাঁটুর ওপর থেকে কেটে ফেলা হয়। মজিদ এখন সাতক্ষীরা কারাগারে আছেন। তাঁর বিরুদ্ধে পুলিশের ওপর হামলা, অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা করা হয়েছে।
মজিদের স্বজনেরা বললেন, আবদুল মজিদের বিরুদ্ধে ২০০২ সালের ৩০ আগস্ট কলারোয়ায় বর্তমান প্রধানমন্ত্রী ও তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলা ছিল। এর বাইরে তাঁর বিরুদ্ধে আর কোনো মামলা বা অভিযোগ ছিল না। শার্শা থানার পুলিশ সন্দেহভাজন হিসেবে মজিদকে আটক করে। তবে হরতাল-অবরোধের সময় নাশকতার কোনো মামলা না থাকায় মজিদকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর জন্য তিনজনকে ৫ ফেব্রুয়ারি একটি ত্রি হুইলারে (স্থানীয় নাম মহেন্দ্র) করে শার্শা থানা থেকে নিয়ে যাওয়া হয়। আদালত থেকে জামিন করানোর জন্য মজিদের পরিবারের সদস্যরাও পেছন পেছন যাচ্ছিলেন। কিন্তু যশোরের ঝিকরগাছা বাজারের কিছুটা সামনে থেকে আটক তিনজনকে মহেন্দ্র থেকে নামিয়ে একটি মাইক্রোবাসে তোলা হয়। এর পর থেকে আর কোনো হদিস পাওয়া যায়নি।
আবদুল আজিজ জানান, আসামিদের আদালতে আনা হচ্ছে না দেখে তাঁদের সঙ্গে থাকা শার্শা থানার উপপরিদর্শক (এসআই) সৌমেনকে ফোন দেন তিনি। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আইনুদ্দিকেও ফোন করেন। দুজনই বলেন, আপনার ভাই ও অপর দুই আসামি পালিয়ে গেছেন। তাঁদের খোঁজা হচ্ছে। এর পর থেকে দুই কর্মকর্তা আর তাঁদের ফোন ধরেননি। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও ওই দিন থেকে ক্লোজড করা হয়।
ওই দিন থানায় দায়িত্ব পালন করা এই তিন কর্মকর্তার কেউই বিষয়টি নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলতে রাজি হননি।
বিষয়টি সম্পর্কে জানতে চাইলে সাতক্ষীরা জেলা পুলিশের তথ্য কর্মকর্তা উপপরিদর্শক কামাল হোসেন সেই দিনের ঘটনার পর তৈরি করা একটি সংবাদ বিজ্ঞপ্তি তুলে ধরেন। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাতক্ষীরা-যশোর সড়কের ঠাকুরবাড়ী নামক স্থানে ওই রাতে সন্ত্রাসী ধরতে অভিযান চালায় পুলিশ। এ সময় সন্ত্রাসীরা পুলিশের ওপর গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। সন্ত্রাসীরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে মজিদকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। এ ছাড়া শহিদুল পালিয়ে যাওয়ার সময় যশোর নিকা পিকনিক স্পটের কাছে পুলিশের গুলিতে নিহত হন বলে দাবি করেছেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল হক।
শহিদুলের স্ত্রী খায়রুন্নেছা টেলিফোনে প্রথম আলোকে বলেছেন, তাঁর স্বামীকে গ্রেপ্তার করে শার্শা থানায় নেওয়া হয়। সেখান থেকে আদালতে নিয়ে যাওয়া হচ্ছিল। এরপর আর জীবিত পাননি। শহিদুলের বিরুদ্ধে সাতক্ষীরা থানায় ডাকাতিসহ কয়েকটি মামলা আছে। তবে আটক অপর ব্যক্তি রাজু সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।