'পচা গম' আমদানির জন্য শাস্তি দাবি
বিদেশ থেকে ‘পচা গম’ আমদানির সঙ্গে জড়িতদের শাস্তি দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। গতকাল শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশ থেকে সংগঠন দুটির নেতারা এই দাবি করেন।
সভাপতির বক্তব্যে সিপিবির সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমদ বলেন, পচা গম আমদানির সঙ্গে ‘জড়িত’ খাদ্যমন্ত্রীসহ সংশ্লিষ্টদের বিচারের আওতায় আনতে হবে।
বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেন, সরকার প্রায় ৪০০ কোটি টাকা ব্যয়ে বিদেশ থেকে দুই লাখ মেট্রিক টন নষ্ট গম আমদানি করেছে। অন্যদিকে দেশের কৃষকেরা গমের মূল্য পাচ্ছেন না। তিনি অবিলম্বে ‘গম কেলেঙ্কারির’ সঙ্গে জড়িতদের শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন।
সমাবেশ থেকে যানজট-জলজট দ্রুত নিরসন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণেরও দাবি জানানো হয়। বক্তারা বলেন, সিটি করপোরেশন নির্বাচনের সময় মেয়ররা যানজট ও জলাবদ্ধতা নিরসনে নানা উদ্যোগের কথা বললেও এখন কোনো কার্যকর ভূমিকা দেখা যাচ্ছে না। যানজটে ঢাকাবাসী অসহায় হয়ে পড়েছে।
সমাবেশে আরও বক্তব্য দেন সিপিবির নেতা সাজ্জাদ জহির, বাসদ নেতা জুলফিকার আলী। বিজ্ঞপ্তি।