'পছন্দের প্রার্থীকে ভোট দিতে না পারলে ভোট দিয়ে লাভ কী?'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের বানারীপাড়া পৌরসভার বাসিন্দাদের নির্বাচন নিয়ে তেমন কোনো আগ্রহ নেই। পৌরসভার বেশ কয়েকজন বাসিন্দা বলছেন, এটা লোক দেখানো নির্বাচন।
‘এটা কী নির্বাচন? এটা তো পিটিয়ে ভোটবাক্স ভরা। আর কী!’—এভাবেই ক্ষোভের কথা বললেন বানারীপাড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ভোটার মো. আবদুস ছালাম হাওলাদার।
তিনি আরও বলেন, ‘আমার ভোট যদি আমি দিতে না পারি, তাহলে কি বলব সত্যিকার নির্বাচন হচ্ছে? সংসদ নির্বাচনে দেখেছি, আমার ভোট অন্য কেউ দিয়ে গেছে। উপজেলা নির্বাচনেও তা-ই হয়েছে। এখন পৌরসভা নির্বাচনে এর বাইরে কিছু হবে এমন আশা করা কঠিন।’
গতকাল মঙ্গলবার দ্বিতীয় শ্রেণির বানারীপাড়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ঘুরে ভোটারদের সঙ্গে কথা বলে এ ধরনের প্রতিক্রিয়া পাওয়া গেছে। ১৯৯০ সালে এ পৌরসভা প্রতিষ্ঠিত হয়।
৯টি ওয়ার্ডের এ পৌরসভায় আছেন ৭ হাজার ৪৪৬ জন ভোটার। ১৫ জন ভোটারের অভিযোগ, একটার পর একটা নির্বাচন হয়। কিন্তু পৌরবাসীর সুযোগ-সুবিধা তো বাড়ে না।
পৌর এলাকায় পয়োনিষ্কাশনব্যবস্থা নেই, নেই পানির সরবরাহব্যবস্থা। নাগরিকদের বিনোদনের জন্য নেই কোনো ব্যবস্থা।
নাম প্রকাশ না করার শর্তে ৮ নম্বর ওয়ার্ডের এক ভোটার বলেন, উপজেলা পরিষদ নির্বাচনে তিনি এক প্রার্থীর এজেন্ট ছিলেন। সেখানে সরকারদলীয় লোকেরা জোর করে ব্যালট নিয়ে সিল দিয়ে বাক্স ভরেছেন।
৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. মোয়াজ্জেম হোসেন বলেন, ভোটারদের মধ্যে পৌর নির্বাচন নিয়ে একধরনের শঙ্কা আছে। এই শঙ্কা দূর করতে হলে সরকারকেই ভূমিকা নিতে হবে।
তিনি বলেন, নাগরিকেরা চায় পৌর নির্বাচন সুষ্ঠুভাবে হোক। একই সঙ্গে নাগরিক সুবিধা বাড়ুক।
৭ নম্বর ওয়ার্ডের ভোটার মো. সাদেক বলেন, ‘ভোট দেওয়ার জন্য এবার ভোটকেন্দ্রে যাওয়ার ইচ্ছা নেই। পছন্দের প্রার্থীকে ভোট দিতে না পারলে ভোট দিয়ে লাভ কী?’ ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. শেখ সাদি বলেন, ভোট দিন বা না দিন, একজন নির্বাচিত হবেন। বারবার নির্বাচন আসে যায়, কিন্তু নাগরিক সুবিধা তো বাড়ে না।
৯ নম্বর ওয়ার্ডের উত্তম সরদার বলেন, ‘এখন পর্যন্ত পরিবেশ ভালোই মনে হচ্ছে। শেষ পর্যন্ত এই পরিবেশ থাকবে কি না, সেটা দেখার বিষয়।
বিএনপি-সমর্থিত প্রার্থী গোলাম মাহমুদ বলেন, প্রচারণায় বের হলে সাধারণ ভোটাররা প্রশ্ন করে এবারের নির্বাচন নয়টার মধ্যে শেষ হয়ে যাবে না তো? ভোটারদের এমন আশঙ্কা অমূলক নয়। তারপরও তাঁরা নির্বাচন কমিশনের ওপর ভরসা রেখে শেষ মুহূর্ত পর্যন্ত মাঠে থাকবেন।
এ ব্যাপারে আওয়ামী লীগের প্রার্থী সুভাষ চন্দ্র শীল বলেন, বানারীপাড়ার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এখানে সুষ্ঠু ভোট অনুষ্ঠানের জন্য তিনি সর্বাত্মক চেষ্টা করবেন।