'পছন্দের হলুদ জামাটাও আনতে পারলাম না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পছন্দের হলুদ জামাটা মিয়ানমারের বাড়িতে রয়ে গেছে। আপাতত সেই জামার ছবি এঁকেই সান্ত্বনা। ছবিটি বিবিসির সৌজন্যে
পছন্দের হলুদ জামাটা মিয়ানমারের বাড়িতে রয়ে গেছে। আপাতত সেই জামার ছবি এঁকেই সান্ত্বনা। ছবিটি বিবিসির সৌজন্যে

মিয়ানমারের সেনাবাহিনীর দমন-পীড়নের মুখে বাংলাদেশে পালিয়ে এসেছে প্রায় চার লাখ রোহিঙ্গা। শিশু থেকে বৃদ্ধ—সবাই আছে এই দলে। এত দিনের সবকিছু ফেলে প্রায় শূন্য হাতে অচেনা একটা দেশে অনিশ্চিত জীবন তাদের। পেছনে আগুন, গুলি, হত্যাকাণ্ডের দুঃসহ স্মৃতি আর সামনে আগামী দিনগুলো কীভাবে কাটবে সে শঙ্কা। বিবিসি মুখোমুখি হয়েছিল এমন তিনজনের।

তাদের একজন শিশু আয়েশা বিবি। সাজতে সে ভীষণ পছন্দ করে। মিয়ানমারে থাকতে সাজগোজ করার অনেক জিনিস ছিল তার। কিন্তু আই লাইনার, পাউডার আর চুড়ি ছাড়া সে আর কিছু নিয়ে আসতে পারেনি। কেন?—প্রশ্ন করতেই সে বলল, ‘চার পাশে সবাইকে মেরে ফেলছিল। ভয়ে সবাই পালাচ্ছিল। তাই সঙ্গে করে তেমন কিছু আনার সময় পাইনি। এমনকি আমার পছন্দের হলুদ জামাটাও আনতে পারলাম না!’

রেহানা নামের এক গৃহবধূ জানালেন, ‘আমাদের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। আমার এক ভাই আগুনে পুড়ে মারা গেল চোখের সামনে। এরপর প্রাণভয়ে পালিয়েছি। সঙ্গে কিছু আনতে পারিনি। নিজের স্বর্ণের জিনিসগুলোও না। জানি না কীভাবে সামনের দিনগুলো কাটবে।’

মিয়ানমার থেকে পালিয়ে আসা বৃদ্ধ নূর মোহাম্মদ বলছিলেন, তাঁর হাঁটতে কষ্ট হয়। তারপরও প্রাণ বাঁচাতে পালিয়েছেন। কৃষিকাজ ছিল তাঁর। বাড়ির গরু, ছাগল—সব ফেলে এক কাপড়ে চলে আসতে হয়েছে। নগদ কিছু অর্থ ছিল, সেটাই এখন সম্বল। তবে অর্থের পরিমাণ এত কম যে এ দিয়ে বেশি দিন চলবে না। তারপর কী হবে, তিনি জানেন না।

আয়েশা, রেহানা ও নূর মোহাম্মদেরা সহিংসতার কারণে ঘরবাড়ি ছেড়েছেন। ফেলে এসেছেন চিরচেনা চারপাশ, সঙ্গে তিল তিল করে গড়ে তোলা সম্পদ আর পছন্দের জিনিস।