শিক্ষার্থীদের কারও মুখ কালো কাপড়ে ঢাকা, কারও হাতে পোস্টার। তাতে লেখা: ‘তাপস হত্যার বিচার চাই’, ‘প্রতিবাদের ভাষা ফিরিয়ে দাও’।
সহপাঠীর মৃত্যুর বিচারের দাবি জানিয়ে আয়োজিত মানববন্ধনে বক্তব্য দিতে গিয়ে একজন বললেন, ‘তাপসের হত্যাকারীদের বিচার করুন, না হয় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে লিখে দিন “পড়ার জন্য এসো, লাশ হয়ে বেরিয়ে যাও”।’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গত ১৪ ডিসেম্বর ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে খুন হন সংস্কৃত বিভাগের শিক্ষার্থী তাপস সরকার। এক মাস পেরিয়ে গেলেও গ্রেপ্তার হয়নি খুনের মামলার এক নম্বর আসামি। গতকাল শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা আবারও জড়ো হয়েছিলেন তাপস হত্যার বিচারের দাবিতে। ক্যাম্পাসে সভা-সমাবেশ, মানববন্ধনসহ সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা থাকায় বিশ্ববিদ্যালয় স্টেশন চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে প্রাণিবিদ্যা বিভাগের ছাত্র মো. হাসান উদ্দীন বলেন, প্রতিক্রিয়াশীল অপশক্তি বিশ্ববিদ্যালয় এলাকাকে কলুষিত করে মৃত্যুকূপ বানাতে চায়। তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদ্দেশে বলেন, ‘তাপস হত্যাকারীদের বিচার করুন, না হলে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে লিখে দিন, “পড়ার জন্য এসো, লাশ হয়ে বেরিয়ে যাও”।’
অন্য শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে লাশের রাজনীতি বন্ধ করার আহ্বান জানান।