'পড়ালেখা বন্ধ, খাইতেও পারি না'
পাঁচ দিন ধরে এই ব্র্যাক সেন্টারে পড়ে আছি, পড়ালেখা বন্ধ। ঠিকমতো খাইতে পারছি না। রান্নাবান্নাও হচ্ছে না। অন্ধকার রাতে সাগরের উত্তাল গর্জন কানে এলে চোখে ঘুম আসে না। আমরা কি এখানেই পড়ে থাকব? বেড়িবাঁধ কি তৈরি হবে না?’
গতকাল বৃহস্পতিবার দুপুরে কক্সবাজারের সাগরদ্বীপ কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ব্র্যাক সেন্টার আশ্রয়কেন্দ্রে এসব কথা তুলে ধরে স্থানীয় ধুরুং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র গিয়াস উদ্দিন (১৩)। সে স্থানীয় আকবরবলীঘাট গ্রামের জেলে সৈয়দ হোছনের ছেলে।
১৩ জুলাই সন্ধ্যায় অস্বাভাবিক জোয়ারে সৈয়দ হোছনের কাঁচা ঘরটি ভেঙে যায়। এরপর মা-বাবা ও তিন ভাইবোন নিয়ে তারা আশ্রয় নেয় ব্র্যাক সেন্টারে। এখানে পড়ালেখা করা তো দূরের কথা, লোকজনের ঠাসাঠাসিতে ঠিকমতো বসে থাকাও যাচ্ছে না।
কুতুবদিয়া বাঁচাও আন্দোলনের সভাপতি শাহরিয়ার চৌধুরী বলেন, পূর্ণিমার অস্বাভাবিক জোয়ারে উত্তর ধুরুং ইউনিয়নের চর ধুরুং, আকবরবলীঘাট, কাইছারপাড়া, চুল্লারপাড়া গ্রামের তিন কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে ৯৭০টি ঘরবাড়ি প্লাবিত হচ্ছে। জোয়ারের কোমর সমান পানিতে ডুবে রয়েছে তিন শতাধিক ঘরবাড়ি। গৃহহীন হাজারো নারী-পুরুষ শিশু চারটি আশ্রয়কেন্দ্রে অবস্থান নিলেও সেখানে খাবার ও পানীয় জলের তীব্র সংকট চলছে। বৃষ্টিপাত অব্যাহত থাকায় তাঁরা অন্য কোথাও যেতে পারছেন না। তিন শতাধিক স্কুলপড়ুয়া শিশু-কিশোর এসব কেন্দ্রে অযত্নে পড়ে রয়েছে। অনেকে সর্দি জ্বর ও ডায়রিয়ায় ভুগছে।
চর ধুরুং গ্রামের কৃষক আমান উল্লাহ (৪৫) বলেন, ‘জোয়ারের পানিতে ঘর হারিয়েছি, হারিয়েছি পুকুরের মাছ। এখন কোথায় যাব ভাবতে পারছি না। ছেলেমেয়েদের নিয়ে না খেয়েই সময় পার করছি।’
একই গ্রামের গৃহবধু সাবেকুন্নাহার (৪৪) বলেন, ‘তিন দিন ধরে তিন ছেলেমেয়েকে পাউরুটি আর কলা খাওয়াচ্ছি। শুকনো খাবার আর পানি খেয়ে রোজা রাখছি। কিন্তু বাড়ি ফিরে যাবার কোনো লক্ষণ দেখছি না। জোয়ারের প্লাবন যেন আরও বাড়ছে।’
কাইছারপাড়ার জেলে রফিক আহমদ (৪৬) বলেন, ১৯৯১ সালের ২৯ এপ্রিলের ঘূর্ণিঝড়ে বেড়িবাঁধ ভেঙে সামুদ্রিক জলোচ্ছ্বাসে এই গ্রামের পাঁচ হাজার মানুষের মৃত্যু হয়েছিল। সেই থেকে ভাঙা বেড়িবাঁধ আর স্থায়ী হচ্ছে না। এখন শক্তিশালী একটি ঘূর্ণিঝড় শুরু হলে এই উপজেলার কাউকে খুঁজে পাওয়া যাবে না।
উপজেলা পরিষদের চেয়ারম্যান এ টি এম নুরুল বশর চৌধুরী বলেন, উপজেলার চতুর্দিকে পাউবোর প্রায় ৪০ কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। এর মধ্যে ভাঙা ১৮ কিলোমিটার বাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকে ২১টি গ্রাম প্লাবিত হচ্ছে। ভাঙা বাঁধ মেরামতের জন্য পাউবো কর্তৃপক্ষকে বলা হলেও সাড়া মিলছে না। এতে উপকূলের লাখো মানুষ ঝুঁকিতে পড়েছে।
পানি উন্নয়ন বোর্ড কুতুবদিয়ার উপবিভাগীয় প্রকৌশলী মোফাজ্জল হোসেন বলেন, বর্ষার আগে ভাঙা বেড়িবাঁধ মেরামত সম্ভব নয়। কারণ, এ সময় সাগর উত্তাল থাকে। তা ছাড়া ভাঙা বাঁধ মেরামতের জন্য বরাদ্দও নেই।