'পণ্য খালাসের জন্য জাহাজের অপেক্ষা লজ্জার বিষয়'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সমুদ্রবন্দর ও বেনাপোল স্থলবন্দরকে সপ্তাহে সাত দিন এবং ২৪ ঘণ্টা খোলা রাখতে হবে—প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়ন করার উপায় বের করতে বৈঠক করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিন ঘণ্টার বৈঠকে সবার বক্তব্য শোনার পর অর্থমন্ত্রী বলেন, ‘পণ্য খালাসের জন্য জাহাজকে বন্দরে অপেক্ষা করতে হয়, এটা খুবই লজ্জার বিষয়। এটা তো জাতীয় ক্ষতি! সময় নষ্ট হয়, বাড়তি খরচ গুনতে হয়!’ বাস্তবে এত বছরেও বন্দরগুলোর খুব বেশি উন্নয়ন হয়নি বলে মনে করেন অর্থমন্ত্রী।

বৈঠকে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান উপস্থিত থাকলেও তেমন কোনো কথা বলেননি। গতকাল সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত এই বৈঠকের শুরুতে পাওয়ার পয়েন্টের মাধ্যমে চট্টগ্রাম সমুদ্রবন্দরের কিছু দিক তুলে ধরেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম খালেদ ইকবাল। তিনি বলেন, সীমিত সাধ্য নিয়েও চট্টগ্রাম বন্দর ভালো করছে। বিশ্বের খুব বেশি বন্দর নেই, যেগুলোর ভেতর ভাগে পণ্য সরবরাহ হয়। কিন্তু চট্টগ্রাম বন্দরে তা হয়। আর এ কারণেই তৈরি হয় জট।

চট্টগ্রাম সমুদ্রবন্দরকে অগ্রাধিকার খাত (থার্স্ট সেক্টর) ঘোষণা, জাহাজ থেকে দ্রুত পণ্য সরবরাহে লাল, হলুদ ও সবুজ—এমন তিনটি আলাদা চ্যানেল করা এবং পানগাঁও কনটেইনার টার্মিনাল ব্যবহারে প্রয়োজনে নিয়মনীতি শিথিল করার দাবি জানান।

চট্টগ্রাম কাস্টমস কমিশনার এ এফ এম আবদুল্লাহ খান বেসরকারি ১৮টি অভ্যন্তরীণ কনটেইনার ডিপোর (আইসিডি) মধ্যে ১৬টিই কাজ করছে না বলে অভিযোগ তোলেন।

বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান তপন কুমার চক্রবর্তী আলাদা একটি প্রবন্ধ উপস্থাপন করেন বৈঠকে। তাঁর দাবি, শুধু বাংলাদেশের (বেনাপোল) অংশে নয়, ভারতের অংশেও সাত দিন ২৪ ঘণ্টা বন্দর খোলা থাকা দরকার।

বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, ‘এক যুগেরও বেশি সময় ধরে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধির কথা বলে আসছি। বহু বৈঠক করেছি। লাভ হয়নি। ৫০ বিলিয়ন রপ্তানি লক্ষ্য করবেন, এই বন্দর দিয়ে কীভাবে সম্ভব?’

ফাইল ওপর-নিচ করতে করতেই সময় চলে যায় উল্লেখ করে সিদ্দিকুর রহমান বলেন, ‘পণ্য কেন দুই বছর পড়ে থাকতে হবে? নিয়ম মেনে ৪৫ দিন পরেই নিলাম করেন না কেন? আমি নেব ৫ টাকা, আপনি ১০ টাকা—এভাবে আর নয়।’

বেসরকারি কনটেইনারগুলো যেহেতু কোনো সাহায্য করছে না, তাই এগুলোর লাইসেন্স বাতিল করতে চট্টগ্রাম সমুদ্রবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানকে বৈঠকেই নির্দেশ দেন অর্থমন্ত্রী।

২৪ ঘণ্টা ব্যাংক খোলা রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস এম মনিরুজ্জামান সোনালী ব্যাংককে প্রস্তাব দিতে বলেন। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ইউনুসুর রহমান বলেন, বিভাগের পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংককে এ ব্যাপারে নির্দেশনা দিতে বলা হবে।

বৈঠকে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অর্থসচিব হেদায়েতুল্লাহ আল মামুন, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নজিবুর রহমান, নৌসচিব অশোক মাধব রায়, বিকেএমইএ সাবেক সহসভাপতি মোহাম্মদ হাতেম প্রমুখ।