'পতাকা বালিকা'র গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
থাইল্যান্ডে একটি সামিটে পতাকা নিয়ে অংশ নেন প্রিয়তা। ছবি:সংগৃহীত
থাইল্যান্ডে একটি সামিটে পতাকা নিয়ে অংশ নেন প্রিয়তা। ছবি:সংগৃহীত

দেশে বিদেশে প্রিয়তা ইফতেখার পরিচিতি পেয়েছেন বাংলাদেশের ‘ফ্ল্যাগ গার্ল’ বা ‘পতাকা বালিকা’ হিসেবে। সম্প্রতি বাংলাদেশ পর্যটন করপোরেশন তাঁকে আনুষ্ঠানিকভাবে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করেছে। এর আগে থেকেই তিনি যুক্ত ছিলেন ট্রাভেল, ভিডিও ব্লগিং, ফিল্ম মেকিংসহ বিভিন্ন কাজের সঙ্গে।

প্রিয়তা স্বপ্ন দেখেছিলেন শুধু নিজে ভ্রমণ করবেন না, বাংলাদেশের নারীরা যাতে এ সুযোগ পান, উৎসাহিত হন তার জন্যই কাজ করবেন। নিজে এ পর্যন্ত ভ্রমণ করেছেন ১০টি দেশ। তবে ভালো লেগে যাওয়ায় কোনো কোনো দেশে ২৩ থেকে ২৪ বারও গিয়েছেন। আর যেখানেই গিয়েছেন তুলে ধরেছেন বাংলাদেশের পতাকা। বিশ্বের নানা দেশে প্রিয়তার বন্ধু আছে। ওই বন্ধুদের সঙ্গে দেশে বা বিদেশে যেখানেই দেখা হয় তাঁদের হাতে তুলে দেন বাংলাদেশের পতাকা। এই বন্ধুদের কাছে একটাই আবদার-তাঁরা যেসব দেশে যাবেন সেখানেও যাতে বাংলাদেশের পতাকা তুলে ধরেন। অনেক বন্ধুই এ আবদার পূরণ করেছেন, নতুন দেশে গিয়ে বাংলাদেশের পতাকা হাতে ছবি তুলে পাঠিয়েছেন।

প্রিয়তা বললেন, একটি দেশে যাব, আর নিজের পতাকাকে উপস্থাপন করব না তা হতেই পারে না। এখন আমি অন্য বন্ধুদেরও বলি, তাঁদের পতাকা সঙ্গে আনতে। অনেকে আনা শুরু করেছেন।

ভারতে এক অনুষ্ঠানে ‘পতাকা গার্ল’ এর হাতে সনদ তুলে দেন অনুপেম খের। ছবি: সংগৃহীত
ভারতে এক অনুষ্ঠানে ‘পতাকা গার্ল’ এর হাতে সনদ তুলে দেন অনুপেম খের। ছবি: সংগৃহীত

২০০৮ সালে প্রিয়তা প্রতিষ্ঠা করেছেন দি ফ্ল্যাগ গার্ল নামের একটি নেটওয়ার্ক। এ নেটওয়ার্ক কাজ করছে দেশ ও বিদেশের নারীদের নিয়ে। তবে নেটওয়ার্কের সদস্যদের মধ্যে নারী-পুরুষ সবাই আছেন। বর্তমানে সদস্য সংখ্যা ১ হাজার ৩০০। ৫০ শতাংশ সদস্য বাংলাদেশি। অন্য ৫০ শতাংশ সদস্যদের বাস বিশ্বের বিভিন্ন দেশ।

নারী সাংবাদিকতার অগ্রদূত নূরজাহান বেগম হলেন প্রিয়তার নানি। আর নানা হলেন কচি-কাঁচার মেলার প্রতিষ্ঠাতা, সাংবাদিক রোকনুজ্জামান খান (দাদাভাই) । তবে এই পরিবারে বড় হয়েও প্রিয়তা প্রথম যখন আমেরিকা যাওয়ার সুযোগ পেলেন তখন মা রীনা ইয়াসমিন আহমেদ পাসপোর্টটি লুকিয়ে রাখলেন। অবিবাহিত মেয়ে কেন একা একা বিদেশ যাবে তাই নিয়ে শুরু হয় নানান অশান্তি। তখন থেকেই নেটওয়ার্কের চিন্তা মাথায় আসে।

দি ফ্ল্যাগ গার্ল নেটওয়ার্কের মূল কাজ বিশ্বের বিভিন্ন দেশে বন্ধু তৈরি করা।

রাজধানীর বনানীতে নিজের বাসায় বসে কথা বলছিলেন প্রিয়তা। বাসার দুটো ঘর দেখিয়ে বললেন, বর্তমানে দুই বিদেশি বন্ধু এখানে থাকছেন। খাবারসহ অন্যান্য খরচ তাঁদের। শুধু থাকা বাবদ কোনো খরচ করতে হচ্ছে না। একইভাবে প্রিয়তা যখন কোনো দেশে যান বা যাবেন তখন ওই দেশের বন্ধুদের কাছ থেকে এ সুবিধাটা পাচ্ছেন, ফলে ভ্রমণের খরচ অনেক কমে যাচ্ছে।

প্রিয়তা আজ শনিবার রওনা দেবেন রাজশাহী। তাঁর সঙ্গী হয়েছেন নেটওয়ার্কের ১০ জনের বেশি নারী সদস্য। তাঁরা সেখানে বিভিন্ন ডকুমেন্টারি তৈরি করবেন। কেন মানুষ কক্সবাজার বা অন্য পর্যটন এলাকায় না গিয়ে রাজশাহীতে যাবেন তাই হচ্ছে তাঁদের মূল উদ্দেশ্য। এ কাজে সহায়তা করছে বাংলাদেশ পর্যটন করপোরেশন এবং রাজশাহীর এক ব্যক্তি।

প্রিয়তা জানালেন, ৬৪ জেলায় যাবেন তিনি। পুরো দেশটাকেই তিনি পর্যটকদের সামনে তুলে ধরতে চান। তাই কোন জেলায় কী কী বিখ্যাত তার ভিডিও করে ওয়েবসাইটে দেবেন। ইংরেজিতে বর্ণনা করা ভিডিওগুলো দেখে যে কেউ সিদ্ধান্ত নিতে পারবেন তিনি কোথায় যাবেন।

রাজশাহীতে যাওয়ার গল্পে ফিরে গিয়ে প্রিয়তা জানালেন, ১০ জন নারীর মধ্যে একজন জানতে চাইলেন তিনি তাঁর ছোট মেয়েকে সঙ্গে নিতে পারবেন কি না। এভাবেই কিন্তু পরিবর্তনটা আসছে। আগে হয়তো ভাবতেন, ছোট মেয়ে নিয়ে যাওয়া অনেক ঝামেলার, বা নিজে নিজেই বাতিল করে দিতেন। কিন্তু এখন আর তা হচ্ছে না। নেটওয়ার্কের মূল কাজই এটা। শুধু নিজে না, পরিবারের অন্য সদস্য, মা, গৃহকর্মীসহ সবাই যাতে ভ্রমণের আনন্দ পান তার ব্যবস্থা করা।

চলতি বছরে প্রিয়তার মা মারা গেছেন। বাবা মারা গেছেন ২০০৫ সালে।

প্রিয়তার ভ্রমণের গল্পে অনেকটুকু জায়গাই দখল করে রেখেছেন তাঁর মা। প্রথম দিকে মা কোনো জায়গায় ভ্রমণে বাধা দিলেও পরের দিকে তিনিই সবকিছু গুছিয়ে দিতেন। কারণ শ্রীলঙ্কা, কক্সবাজারসহ বেশ কয়েকটি ভ্রমণে প্রিয়তা মাকে সঙ্গে নিয়েছিলেন। তখন তিনি বুঝতে পারেন মেয়ে খারাপ কোনো কাজ করছে না এবং ভ্রমণে নিজস্ব একটি জগতের সন্ধান মেলে। মা ও মেয়ে একসঙ্গে করেছেন স্কুবা ডাইভিং, পানির স্রোতের মধ্যে রাফটিং। প্রিয়তা জানালেন, কক্সবাজারের সাইমন হোটেলে নিয়ে গেলে মা আবেগপ্রবণ হয়ে যান, কেননা বাবা মাকে এ হোটেলে নিয়ে এসেছিলেন। ভ্রমণের ছবি অন্য বন্ধুদের দেখানোর জন্য মা ফেসবুক খোলেন।

শ্রীলঙ্কায় মায়ের সঙ্গে প্রিয়তা। ছবি: সংগৃহীত
শ্রীলঙ্কায় মায়ের সঙ্গে প্রিয়তা। ছবি: সংগৃহীত

প্রিয়তার মতে, বাংলাদেশের মেয়ে ও নারীদের ভ্রমণে প্রথম বাধা আসে পরিবার থেকে। অবিবাহিত হলে তো কথাই নেই। তারপর শুরু হয় ভিসা পাওয়ার জটিলতা। ভ্রমণের খরচ, আর একা ভ্রমণের জটিলতা তো আছেই। তবে সবকিছু পরিকল্পনা করে মাঠে নামলে অনেক প্রতিবন্ধকতাই কমানো যায় । এ জন্যও দরকার নেটওয়ার্ক ও বন্ধু তৈরি। নারীরা গান, নাচ, উপস্থাপনাসহ অনেক কিছু করতে পারেন। এই দক্ষতাগুলোকেও ভ্রমণের সঙ্গে যুক্ত করতে পারলে ভ্রমণ সহজ হয়। তাঁর ইচ্ছা ৫০টি দেশে গিয়ে তুলে ধরবেন বাংলাদেশের লাল-সবুজ পতাকা। ওই দেশের মানুষগুলোকে উদ্বুদ্ধ করবেন বাংলাদেশে আসার জন্য। এভাবেই দেশের পর্যটন লাভবান হবে। একই সঙ্গে প্রিয়তা স্বপ্ন দেখেন দেশের স্বল্প শিক্ষিত মেয়ে ও নারীদের প্রশিক্ষণ দিয়ে পর্যটকদের গাইড হিসেবে তৈরি করবেন।

প্রিয়তা জানালেন, এখন অনেক দেশের পর্যটকেরাই বাংলাদেশে আসার ইচ্ছা প্রকাশ করছেন, একই ভাবে তাঁদের দেশে যাওয়ারও আমন্ত্রণ জানাচ্ছেন। তিনি বললেন, বাংলাদেশে পর্যটকেরা এসে যাতে একটি ভালো পরিবেশ পান তা সরকারকে নিশ্চিত করতে হবে।