মানিকগঞ্জের দৌলতপুর উপ-জেলার চরাঞ্চলে দুস্থ ও শীতার্ত ১০০ পরিবারের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে উপজেলার কলিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে গতকাল শুক্রবার এসব কম্বল বিতরণ করা হয়।কম্বল পেয়ে বহরা গ্রামের সরবানু (৬৫) বলেন, ‘অ্যাত দিন হুনছি পত্তিকায় (পত্রিকা) খবর দ্যাহা যায়। কম্বল যে দ্যায় তা হুনি (শুনি) নাই।’ ধামশ্বর গ্রামের পদরাজবংশী (৭০) বলেন, ‘জারের (শীত) মইদ্দে (মধ্যে) ছিড়া ক্যাথা গায় দিয়া ঘুমাইতাম। কম্বলডা পাইয়া এহন কষ্টডা কম অইব।’উপজেলার বহরা, উলাইল, ইয়ারপুর ও ধামশ্বরসহ কয়েকটি গ্রামের শীতার্ত লোকজনের মধ্যে এসব কম্বল বিতরণ করা হয়। এতে সহায়তা করে বুয়েট-৮৭ ফাউন্ডেশন।বিতরণ কার্যক্রম পরিচালনায় অংশ নেয় প্রথম আলো মানিকগঞ্জ বন্ধুসভার সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক মাহবুব আলম, সদস্য মহিদুর রহমান, আবদুস সামাদ ও সেলিম হোসেন।চলতি মৌসুমে প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে দুই হাজার ৫২৮টি কম্বল ও এক হাজার ৬০৭টি সোয়েটার বিতরণ করা হলো।