'পদচারী সেতুর গড়ার দাবি জোরালো, ব্যবহারে অনাগ্রহ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘অনেক ফুটওভার ব্রিজ করেছি। এসব করার আগে প্রত্যেকেরই দাবি ছিল, এসব না করলেই নয়। কিন্তু ফুটওভারব্রিজ নির্মাণের দাবির ব্যাপারে তারা যতটা উচ্ছ্বসিত, কিন্তু ব্যবহারের ক্ষেত্রে অনেকের মধ্যে একটা আলস্য ও অনাগ্রহ দেখতে পাই।’ 

আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের সালনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় গেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওপর একটি পদচারী সেতু উদ্বোধনকালে মন্ত্রী এসব কথা বলেন।
দেশের গুরুত্বপূর্ণ সড়ক-মহাসড়ক দখল প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘সারা দেশে তিন-চার বছরের মধ্যে সড়ক যোগাযোগ নেটওয়ার্কের দৃশ্যমান পরিবর্তন সবাই দেখতে পাবে। দুর্ঘটনা ও যানজটের মতো চ্যালেঞ্জও আমাদের অতিক্রম করতে হবে। যানজটের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’
পৌর নির্বাচন নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমালোচনার জবাবে মন্ত্রী বলেন, ‘গেল পৌর নির্বাচন মোটামুটি অবাধ, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ হয়েছে। এটা দেশে বিদেশে সবাই স্বীকার করেছে। আমরা তার চেয়েও ভালো ইউপি নির্বাচন করতে চাই। বিএনপি নির্বাচনে ব্যর্থ হয়ে নালিশি রাজনীতিতে গুরুত্ব দিচ্ছে। তারা রাজনীতি বাদ দিয়ে এখন একটা নালিশি দলে পরিণত হয়েছে। নির্বাচনে অংশগ্রহণের আগেই তারা হেরে যায়। এটা তাদের একটা সমস্যা।’
মন্ত্রী বলেন, ‘জয়দেবপুর-বিমানবন্দর র‌্যাপিড বাস ট্রানজিট প্রকল্পের কাজ আগামী এপ্রিল মাসের মধ্যে শুরু হবে। জয়দেবপুর-ময়মনসিংহ ও ঢাকা-চট্টগ্রাম ফোর লেনের টুকিটাকি কাজ শেষ করার পর আগামী মে মাসের মধ্যে প্রধানমন্ত্রী এর উদ্বোধন করবেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পুরোটায় এলিভেটেট এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে।’
এ সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মাহবুবুর রহমান, গাজীপুরের জেলা প্রশাসক এস এম আলম, পুলিশ সুপার হারুন অর রশিদ, গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ, বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ মেজর জেনারেল সিদ্দিকুর রহমান, ঢাকা বিভাগীয় প্রকৌশলী সবুজ উদ্দিন খান, গাজীপুর ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ সুপার মো. সাখাওয়াত হোসেন প্রমুখ।