'পদত্যাগ নাটক' নিয়ে সরকার বেকায়দায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মন্ত্রীদের ‘পদত্যাগ নাটক’ নিয়ে বেকায়দায় পড়েছে সরকার। ঘোষণা দিয়ে পদত্যাগ করার পরও মন্ত্রীদের দায়িত্ব চালিয়ে যাওয়া সংবিধান ও নৈতিকতা পরিপন্থী বলে ক্ষমতাসীন আওয়ামী লীগের ভেতরেই সমালোচনা হচ্ছে।

ইতিমধ্যে তিনজন আইনজীবী এ বিষয়ে আইনি নোটিশ দিয়েছেন। এর মধ্যে রোববার আবার মন্ত্রিসভার বৈঠকও ডাকা হয়েছে।

সরকারের শীর্ষস্থানীয় কয়েকটি সূত্র জানায়, গতকাল বুধবার আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাংবিধানিক দিক ব্যাখ্যা করে বোঝানো হয়। বলা হয়েছে, মন্ত্রীদের দায়িত্ব পালন করা আইনগতভাবে ঠিক হচ্ছে না। কাদের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে আর কারা মন্ত্রিসভায় থাকছেন, তা পরিষ্কার করা উচিত বলে প্রধানমন্ত্রীকে পরামর্শ দেওয়া হয়।

কয় দিন ধরেই কয়েকজন মন্ত্রী পদত্যাগের কথা বলে যাচ্ছেন। গত সোমবার মন্ত্রিসভার বৈঠকে সব মন্ত্রী পদত্যাগ করেছেন বলে আনুষ্ঠানিক-ভাবে জানানো হয়। টেলিভিশন ক্যামেরার সামনেই প্রধানমন্ত্রীর কাছে মন্ত্রী, প্রতিমন্ত্রীরা পদত্যাগপত্র জমা দেন এবং পরে কয়েকজন মন্ত্রী গণমাধ্যমের কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার কথা জানান।

সংবিধান অনুসারে মন্ত্রীদের পদত্যাগ করার সঙ্গে সঙ্গেই তা কার্যকর হয়ে যায়। কিন্তু পদত্যাগের ঘোষণা দেওয়ার পরও তাঁরা দাপ্তরিক ও নির্বাহী দায়িত্ব পালন করে যাচ্ছেন।

সমাজের বিভিন্ন পর্যায়ে সমালোচনার মুখে ‘পদত্যাগ নাটক’ নিয়ে এখন একেক মন্ত্রী একেক রকম ব্যাখ্যা দিচ্ছেন। আইনমন্ত্রী শফিক আহমেদ, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং সর্বশেষ দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত ব্যাখ্যা দিয়ে সরকারের অবস্থানকে সঠিক প্রমাণ করার চেষ্টা করছেন।

নাম প্রকাশ না করার শর্তে তিনজন মন্ত্রী প্রথম আলোকে বলেন, এভাবে পদত্যাগ করা ঠিক হয়নি। এর কোনো প্রয়োজনও ছিল না। মন্ত্রিসভা গঠনের জন্য মন্ত্রীদের পদত্যাগের প্রয়োজন পড়ে না। প্রধানমন্ত্রী যেকোনো সময় কাউকে বাদ ও কাউকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করতে পারেন। আর পদত্যাগের খবর প্রচার করার পর দায়িত্ব পালন করা ‘অস্বস্তিকর’ বলে দুজন মন্ত্রী মন্তব্য করেন। একজন মন্ত্রী প্রথম আলোকে বলেন, পদত্যাগ এবং ঢাকঢোল পিটিয়ে তা প্রচার করা ‘বোকার মতো’ কাজ হয়েছে।

সরকারের শীর্ষ পর্যায়ে খোঁজ নিয়ে জানা যায়, গতকাল রাত পর্যন্ত প্রধানমন্ত্রী কয়েকজন মন্ত্রী ও মহাজোটের শীর্ষ কয়েকজন নেতার সঙ্গে পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। এসব আলোচনায় নির্বাচনকালীন সর্বদলীয় মন্ত্রিসভা গঠন বিষয়েও কথাবার্তা হয়। কেউ কেউ প্রধানমন্ত্রীকে শ্রীলঙ্কা সফরের আগেই, অর্থাৎ আজই নতুন নির্বাচনকালীন সর্বদলীয় মন্ত্রিসভা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা বলেন। আবার অনেকে নতুন মন্ত্রিসভা গঠন না হলেও অন্তত কারা মন্ত্রিসভায় রয়েছেন, তা স্পষ্ট করা উচিত বলে মন্তব্য করেন।

তবে গতকাল রাতে নাম প্রকাশ না করার শর্তে মহাজোটের একজন শীর্ষ নেতা প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর বৈঠকের কথা জানিয়ে প্রথম আলোকে বলেন, শ্রীলঙ্কা থেকে দেশে ফিরে প্রধানমন্ত্রী সর্বদলীয় মন্ত্রিসভা গঠন করবেন। মন্ত্রিসভা গঠন করার পর তিনি সৌদি আরবে ওমরাহ পালন করতে যাবেন।

নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, তাঁরা পদত্যাগ নিয়ে গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন। আলোচনায় প্রধানমন্ত্রী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজের পদত্যাগের প্রসঙ্গ উল্লেখ করেন। তিনি মনে করেন, মন্ত্রীরা পদত্যাগ করেননি, কেবল অভিপ্রায় ব্যক্ত করেছেন।

আইনি নোটিশ: পদত্যাগপত্র জমা দেওয়ার পরও দায়িত্ব পালন করা নিয়ে তিনজন আইনজীবী পৃথকভাবে ৪৯ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও মন্ত্রিপরিষদ সচিবকে তিনটি আইনি নোটিশ দিয়েছেন। নোটিশে মন্ত্রীদের দায়িত্ব পালনে বিরত থাকতে বলা হয়েছে।

আইনি নোটিশ (লিগ্যাল নোটিশ) দেওয়া তিন আইনজীবী হলেন সুপ্রিম কোর্টের আইনজীবী তুহিন মালিক, আবদুল্লাহ আল বাকী ও জুলফিকার আলী।

৪৯ মন্ত্রী ও মন্ত্রিপরিষদ সচিবকে তুহিন মালিকের পক্ষে নোটিশ দেন আইনজীবী রুহুল কুদ্দুস। বাকি দুই আইনজীবী শুধু সচিবকে নোটিশ দিয়েছেন।

গতকাল দেওয়া তুহিন মালিকের নোটিশে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের নোটিশ পাওয়ার পর দায়িত্ব পালন থেকে বিরত থাকতে বলা হয়েছে। এ বিষয়ে আজ বৃহস্পতিবার সকাল ১০টার মধ্যে বিবৃতি দিতে বলা হয়েছে। অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।

রুহুল কুদ্দুস প্রথম আলোকে বলেন, মন্ত্রিপরিষদ সচিবকে ফ্যাক্সযোগে নোটিশটি পাঠানো হয়েছে। ওই নোটিশটি ৪৯ মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে সরবরাহ করতে সচিবকে অনুরোধ করা হয়েছে। পদত্যাগের পরও মন্ত্রীদের নাম ও পোর্টফোলিও মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে রয়েছে। নোটিশ পাওয়ামাত্র মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের নাম সাইট থেকে মুছে ফেলতেও সচিবকে অনুরোধ করা হয়েছে।

নোটিশে বলা হয়, ১১ নভেম্বর মন্ত্রিপরিষদের বৈঠকে মন্ত্রীরা প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র দেন। সংবিধানের ৫৮(১) অনুচ্ছেদ অনুসারে মন্ত্রীরা যেদিন পদত্যাগপত্র পেশ করবেন সেদিন থেকে তাঁরা আর মন্ত্রী নন। কারণ, ওই অনুচ্ছেদে বলা হয়েছে, ‘প্রধানমন্ত্রী ব্যতীত অন্য কোনো মন্ত্রীর পদ শূন্য হইবে, যদি—(ক) তিনি রাষ্ট্রপতির নিকট পেশ করিবার জন্য প্রধানমন্ত্রীর নিকট পদত্যাগপত্র প্রদান করেন;...।’ এর পরও মন্ত্রীরা দাপ্তরিক কাজ করছেন ও সরকারি প্রটোকল ব্যবহার করছেন, যা অসাংবিধানিক, বেআইনি ও আইনের শাসনের পরিপন্থী।

উকিল নোটিশের বিষয়ে জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এ বিষয়ে জবাব দেওয়া হবে কি হবে না, তা পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।

রোববার বৈঠক: আগামী রোববার আবার মন্ত্রিসভার বৈঠকও ডাকা হয়েছে। আগে এ বৈঠক হতো সোমবার। তবে আগামী সোমবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফরের কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যস্ত থাকবেন।

গত সোমবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের জানিয়েছিলেন, হয়তো এটাই মহাজোট সরকারের মন্ত্রিসভার শেষ বৈঠক। ওই বৈঠকেই মন্ত্রী-প্রতিমন্ত্রীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একযোগে পদত্যাগপত্র জমা দেন। তখন থেকে ধারণা করা হচ্ছিল, মহাজোট সরকারের মন্ত্রিসভার বর্তমান কাঠামোতে আর বৈঠক হবে না।

কিন্তু গতকাল মন্ত্রিপরিষদ সচিব প্রথম আলোকে জানিয়েছেন, রোববার মন্ত্রিসভার বৈঠক ডাকা হয়েছে। সচিবালয়ে সাংবাদিকদের কাছেও একই কথা জানান তিনি।

তবে মন্ত্রিসভার ওই বৈঠক বর্তমান কাঠামোয় না নতুন কাঠামোয় হবে জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এটি প্রধানমন্ত্রীর ওপর নির্ভর করছে।

রেওয়াজ অনুযায়ী বৈঠকের আগে আগে মন্ত্রিসভার বৈঠকের সারসংক্ষেপ মন্ত্রীদের কাছে পাঠানো হয়। রোববারের বৈঠকের জন্য সব মন্ত্রীর কাছে এই সারসংক্ষেপ পাঠানো হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার কমনওয়েলথ শীর্ষ সম্মেলনে যোগ দিতে শ্রীলঙ্কায় যাচ্ছেন।