‘পদ্মা সেতু নির্মাণে সরকারের ভূমিকা অপেশাদারমূলক’
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক বলেছেন, পদ্মা সেতু নির্মাণে সরকারের ভূমিকা অপেশাদারমূলক। ঋণচুক্তি বাতিলের জন্য বিশ্বব্যাংকের চেয়ারম্যানকে এককভাবে দোষারোপ করা সরকারের ঠিক হয়নি। কারণ, কোনো ঋণচুক্তি বাতিল করার ক্ষেত্রে বিশ্বব্যাংকের চেয়ারম্যানের একক কোনো ক্ষমতা নেই।কিশোরগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে গতকাল বুধবার নাগরিক ঐক্য ফোরাম সংগঠনের উদ্যোগে ‘পদ্মা সেতুর সম্ভাবনা ও জনভাবনা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ওসমান ফারুক বলেন, ‘নিজেদের অর্থে পদ্মা সেতু নির্মাণে প্রধানমন্ত্রীর ঘোষণা একটি প্রশংসনীয় উদ্যোগ। তবে পূর্বে অর্থের উৎস নিয়ে ভাবতে হবে। সেতু নির্মাণের ব্যয় নির্বাহের জন্য আমাদের ঘাটতি বাজেটে ঘাটতি আরও বাড়বে কি না, সে ঘাটতি কীভাবে পূরণ হবে এবং বিভিন্ন ক্ষেত্রে কর আরোপের ফলে মূল্যবৃদ্ধির কারণে জনদুর্ভোগ বাড়বে কি না, তা নিয়েও ভেবে দেখতে হবে।’তিনি আরও বলেন, ‘পদ্মা সেতুর দুর্নীতি নিয়ে বিশ্বব্যাংক সরকারকে যে কয়টি চিঠি দিয়েছে এবং সরকার বিশ্বব্যাংককে যে কয়টি চিঠি দিয়েছে তার সবগুলোই জনসমক্ষে প্রকাশ করা উচিত। একটি বিদেশি রাষ্ট্র যদি তাদের দেশের কোম্পানির দুর্নীতি নিয়ে কথা বলতে ও ব্যবস্থা গ্রহণ করতে পারে, আমরা কেন দেশের সম্মানের স্বার্থে সন্দেহভাজন দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারব না।’ আলোচনা সভায় সভাপতিত্ব করেন নাগরিক ঐক্য ফোরামের সভাপতি সাবেক সিভিল সার্জন আতিকুল সারোয়ার। বক্তব্য দেন সাংবাদিক আবদুল লতিফ, তেল গ্যাস রক্ষা কমিটির জেলা আহ্বায়ক প্রকৌশলী সালাহউদ্দিন আহমেদ, অধ্যক্ষ শামসুল হুদা, বাবর আলী প্রমুখ।