‘পদ্মা সেতুর ঋণচুক্তি বাতিলের দায় প্রধানমন্ত্রীকে নিতে হবে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা সেতুর দুর্নীতির বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করে তাঁদের পক্ষে সাফাই গেয়েছেন প্রধানমন্ত্রী। তাই পদ্মা সেতুর ঋণচুক্তি বাতিলের দায় বিশ্বব্যাংক নয় প্রধানমন্ত্রীকেই নিতে হবে। গতকাল রোববার বিকেলে চট্টগ্রামের জেলা পরিষদ মার্কেট চত্বরে আয়োজিত বিএনপির বিক্ষোভ সমাবেশে বক্তারা এ কথা বলেন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নগর ও দক্ষিণ জেলা বিএনপি এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। নগর বিএনপির সাধারণ সম্পাদক সাহাদাৎ হোসেনের সভাপতিত্বে সমাবেশে সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম বক্তৃতা করেন। সৈয়দ ওয়াহিদুল আলম বলেন, নতুন গ্যাসসংযোগ বন্ধ রেখে শেখ পরিবারের লোকজন অনৈতিক আর্থিক সুবিধা প্রদানকারী প্রতিষ্ঠানকে দেশে একচেটিয়া এলপি গ্যাস সিলিন্ডারের ব্যবসা করার সুযোগ করে দিয়েছে। প্রধানমন্ত্রীর উপদেষ্টার উপদেশে আজ দেশের গ্যাস ও বিদ্যুৎ সেক্টর দুর্নীতির চারণভূমিতে পরিণত হয়েছে। সাহাদাৎ হোসেন বলেন, পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতি করে মহাজোট সরকার দেশবাসীকে বিশ্ববাসীর কাছে অপমান করেছে। পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতি ধরেছে কানাডার পুলিশ, বিশ্বব্যাংক নয়। তদন্ত প্রতিবেদনসহ অভিযুক্ত ব্যক্তিদের তালিকা বিশ্বব্যাংক সরকারের কাছে হস্তান্তর করেছে। থলের বিড়াল বেরিয়ে যাওয়ার ভয়ে প্রধানমন্ত্রী অভিযুক্তদের বিরুদ্ধে কোনো প্রকার ব্যবস্থা নিচ্ছে না। বরং তাঁদের পক্ষে সাফাই গেয়েছেন। তাই পদ্মা সেতু ঋণচুক্তি বাতিলের দায় প্রধানমন্ত্রীকেই নিতে হবে।