পরাজিত শক্তি মুক্তমনাদের হত্যা করছে ও হুমকি দিচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে গতকাল সোমবার আয়োজিত পতাকা মিছিলে অংশ নিয়ে বিশিষ্টজনেরা বলেছেন, একাত্তরের শকুনেরা যে জাতীয় পতাকা খামচে ধরেছিল, তা পুরোপুরি মুক্ত হয়নি। পরাজিত সেই শক্তি এখনো মুক্তবুদ্ধির মানুষ ও বুদ্ধিজীবীদের হত্যা করছে ও হত্যার হুমকি দিয়ে যাচ্ছে।
গতকাল সোমবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পতাকা মিছিল শুরুর আগে তাঁরা এ কথা বলেন। বাংলাদেশ রুখে দাঁড়াও এই পতাকা মিছিলের আয়োজন করে।
মিছিলে বিভিন্ন বয়সের নারী-পুরুষ, শিশু-কিশোর অংশ নেয়। সবার হাতে ছিল লাল-সবুজ পতাকা। শহীদ মিনার থেকে শুরু হয়ে মিছিল
সোহরাওয়ার্দী উদ্যানে শিখা চিরন্তনে এসে শেষ হয়। সঙ্গে ছিল দেশাত্মবোধক গান ও স্লোগান। মিছিলে অংশ নেওয়া সবাই জাতীয় পতাকাকে সমুন্নত রাখার কথা বলেন।
মিছিল শুরুর আগে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারওয়ার আলী বলেন, এমন একটি সময় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হচ্ছে যখন বুদ্ধিজীবীদের হত্যাকারীদের বিচার হচ্ছে এ দেশে। একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের বিচারের জন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল বলেন, একাত্তরে যে শকুনেরা জাতীয় পতাকা খামচে ধরেছিল তা এখনো সম্পূর্ণভাবে মুক্ত করা যায়নি। এখনো মুক্তমনাদের নৃশংসভাবে একাত্তরের মতোই হত্যা করা হচ্ছে।
নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার বলেন, এই দিনে সন্তুষ্টির জায়গা হচ্ছে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে কয়েকজনের সাজা কার্যকর হয়েছে। সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু বলেন, পতাকার জন্য ৩০ লাখ মানুষ জীবন দিয়েছিলেন। তরুণেরা এই পতাকা সমুন্নত রাখবে চিরকাল।
অর্থনীতিবিদ এম এম আকাশ বলেন, ‘আমরা চাই শহীদ বুদ্ধিজীবীদের হত্যার দায়ে দণ্ডপ্রাপ্ত দুই আসামি আশরাফুজ্জামান খান ও চৌধুরী মুঈনুদ্দীনকে দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর করা হোক।’
মিছিল শিখা চিরন্তনে এসে পৌঁছালে সেখানে সমাপনী বক্তব্য দেন সুলতানা কামাল।