‘পরাজয়ের জন্য বিদ্রোহী প্রার্থী ও জেলা আ.লীগের সভাপতি-সম্পাদক দায়ী’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৌরসভার নির্বাচনে পরাজয়ের জন্য বিদ্রোহী মেয়র পদপ্রার্থী মোহাম্মদ ফয়সাল এবং জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকে দায়ী করলেন মহাজোট-সমর্থিত প্রার্থী জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মুজিবুর রহমান। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে মুন্সিগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মুজিবুর রহমান বলেন, তিনি মহাজোটের মনোনয়ন পেয়ে নির্বাচনে অংশগ্রহণ সত্ত্বেও আওয়ামী লীগের মুন্সিগঞ্জ জেলার সভাপতি মো. মহিউদ্দিনের ছেলে যুবলীগের কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ ফয়সাল বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করেন। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ লুৎফর রহমানও মহিউদ্দিনের সঙ্গে ফয়সালের পক্ষে প্রচারণা চালান। মুজিবুর বলেন, কেন্দ্রীয় নির্দেশ অমান্য করে নির্বাচন করায় ফয়সালকে যুবলীগ থেকে বহিষ্কার এবং মহিউদ্দিন ও শেখ লুুৎফরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া (শোকজ) হয়। তাও তাঁরা আমলে নেননি। এতে করে মহাজোটের কর্মী-সমর্থক ও ভোটাররা দ্বিধাবিভক্ত হয়ে পড়েন। এই সুযোগে বিএনপির প্রার্থী জয়লাভ করেন।মুজিবুর রহমান অভিযোগ করেন, মহাজোটের প্রার্থীকে যাতে ভোট না দেয় সেই জন্য রাতে আওয়ামী লীগের ও সাধারণ ভোটারদের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে। এ ছাড়া রাতে প্রচুর টাকা ভোটারদের দেওয়া হয়েছে।সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন, শহর আওয়ামী লীগের সভাপতি মো. আরিফ, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল কাদির প্রমুখ উপস্থিত ছিলেন। শেখ লুৎফর রহমান বলেন, প্রার্থী মনোনয়নে জেলা কমিটিকে সম্পৃক্ত করা হয়নি। মহাজোট থেকে ওই প্রার্থীকে মনোনয়ন দেওয়া সঠিক সিদ্ধান্ত ছিল না। তিনি ফয়সালের পক্ষে কোনো ভোট চাননি। এ ছাড়া কেন্দ্র থেকে সভাপতি ও সাধারণ সম্পাদককে শোকজের বিষয়টিও তিনি মিথ্যা বলে জানান। চেষ্টা করেও এ ব্যাপারে ফয়সালের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।