'পরিকল্পনা বাস্তবায়নে প্রাতিষ্ঠানিক দক্ষতা বাড়াতে হবে'
চট্টগ্রাম নগরের ড্রেনেজ-ব্যবস্থা খুব দুর্বল। নগরবাসীর জীবনমান উন্নয়নের জন্য আধুনিক ড্রেনেজ ও সুয়ারেজ-ব্যবস্থা চালু করতে হবে। এ জন্য নগরের সব সেবা সংস্থাগুলোর সমন্বিত কার্যক্রম প্রয়োজন। পরিকল্পনা বাস্তবায়নে সংস্থাগুলোর প্রাতিষ্ঠানিক দক্ষতা বাড়াতে হবে।
গতকাল মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম ওয়াসা কার্যালয়ে চট্টগ্রাম নগরের খসড়া ড্রেনেজ ও সুয়ারেজ মহাপরিকল্পনা নিয়ে মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।
বিশ্বব্যাংকের অর্থায়নে চট্টগ্রাম ওয়াসার ‘চট্টগ্রামের পানি সরবরাহ উন্নীতকরণ ও স্যানিটেশন’ প্রকল্পের আওতায় এই মহাপরিকল্পনা প্রণয়নের কাজ চলছে। ডেনমার্কের প্রকৌশল প্রতিষ্ঠান ‘গ্রন্টমি’ এই খসড়া মহাপরিকল্পনা তৈরি করেছে। সহায়তা করেছে বাংলাদেশের প্রকৌশল প্রতিষ্ঠান একোয়া ও ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং (আইডব্লিওএম)।
মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল্লাহ। ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক রতন কুমার সরকারের সভাপতিত্বে সভায় নগরের বিশেষজ্ঞ প্রকৌশলী ও বিভিন্ন সেবা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় বলা হয়, নগরের সব সেবা সংস্থা ও বিশেষজ্ঞের মতামতের ভিত্তিতে ওয়াসা এই মহাপরিকল্পনা চূড়ান্ত করতে চায়।