'পরিচয় না জেনে বাসা ভাড়া দেবেন না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সঠিক পরিচয় না জেনে কাউকে কক্ষ ও বাসা ভাড়া না দিতে হোটেল ও বাড়ির মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম পুলিশ কমিশনার আবদুল জলিল মণ্ডল।
গতকাল মঙ্গলবার সকালে চট্টগ্রাম নগর পুলিশ কার্যালয়ের সম্মেলনকক্ষে চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলরদের সঙ্গে মতবিনিময় সভায় আবদুল জলিল মণ্ডল এই আহ্বান জানান। নগরের পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম ও যানজট নিরসনের বিষয়ে আলোচনার জন্য এই সভার আয়োজন করা হয়। পুলিশ কমিশনার বলেন, যদি হোটেল ও বাসা-বাড়ি থেকে সন্ত্রাসী কিংবা জঙ্গি গ্রেপ্তার করা হয়, তাহলে হোটেল ও বাড়ির মালিকদেরও আসামি করা হবে।
সভা শেষে কাউন্সিলরদের নগরের সব থানার নম্বরসংবলিত স্টিকার দেওয়া হয়। এসব স্টিকার এলাকায় লাগানোর জন্য কাউন্সিলরদের অনুরোধ করেন পুলিশ কমিশনার।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সিটি করপোরেশনের প্যানেল মেয়র মোহাম্মদ হোসেন ও হাসান মাহমুদ হাসনী, কাউন্সিলর সাঈয়েদ গোলাম হায়দার, মো. জাহাঙ্গীর আলম, এ এফ কবির আহমদ, নিছার উদ্দিন আহমেদ, রেহেনা বেগম।