'পরিচর্যা পেলে অটিজম শিশুরা সম্পদে পরিণত হবে'
অটিজম আক্রান্ত শিশুদের প্রয়োজন বাড়তি যত্ন আর সহযোগিতা। পরিবারের সদস্য থেকে শুরু করে সমাজের প্রতিটি মানুষ ও রাষ্ট্রের দায়িত্ব তাদের সহযোগিতা করা। সঠিক পরিচর্যা পেলে এই শিশুরা সমাজের বোঝা নয়, জাতীয় সম্পদে পরিণত হবে।
বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে চট্টগ্রাম নগরে এক অনুষ্ঠানে আজ শনিবার বক্তারা এসব কথা বলেন। নগরের এলজিইডি ভবনের মিলনায়তনে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। অটিজম নিয়ে কাজ করা বিভিন্ন বেসরকারি সংগঠন অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন, সাংসদ নজরুল ইসলাম চৌধুরী, আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভী, দিদারুল ইসলাম, ওয়াসিকা আয়শা খান ও সাবিনা নাহার বেগম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন।
গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন বলেন, এক সময় অটিজম সমস্যাকে তেমন গুরুত্বের সঙ্গে দেখা হতো না। কিন্তু বর্তমান সরকার এ বিষয়টিকে অনেক গুরুত্ব দিচ্ছে। ঢাকার পূর্বাচলে ন্যাশনাল অটিজম একাডেমি করার জন্য জায়গা দেওয়া হয়েছে। চট্টগ্রামেও এ রকম একটি একাডেমি করার জন্য জায়গা দেওয়া হবে। অটিজমের নানা ধরন রয়েছে। এদের অনেকেই খুব মেধাবী। তাদের মেধার জায়গাটিতে নিয়মিত পরিচর্যা করতে হবে।
ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর কন্যা সায়মা হোসেন অটিজম বিষয়ে সচেতনতা তৈরিতে দেশে-বিদেশে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। তাঁর সুযোগ্য নেতৃত্বে অটিজম সম্পর্কে সচেতনতা আন্দোলন অন্য উচ্চতা পেয়েছে।
মেয়র নাছির উদ্দিন বলেন, অটিজম আক্রান্ত শিশুদের জন্য বিশেষ ব্যবস্থা প্রয়োজন। সিটি করপোরেশনের স্কুলগুলোতে প্রতিবন্ধী শিশুদের জন্য কোটা রাখা হবে। এ ছাড়া সিটি করপোরেশনের পক্ষ থেকে অটিজমে আক্রান্ত শিশুদের জন্য আলাদা একটি স্কুল করার পরিকল্পনা আছে।
অনুষ্ঠানে অটিজম আক্রান্ত শিশুদের পক্ষে বক্তব্য দেয় অটিস্টিক চিলড্রেন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন স্কুলের শিক্ষার্থী অর্ণব চক্রবর্তী। ১৪ বছর বয়সী অর্ণব বলে, ‘আমি সাত বছর বয়সে স্কুলে ভর্তি হই। আজ আমি গান, কবিতা, ড্রয়িং, প্রাথমিক স্তরের পড়াশোনা যা কিছু পারি, আগে সেগুলো পারতাম না। এমনকি আমি কথাও বলতে পারতাম না। যাদের অটিজম আছে সমাজের সকল স্তরের মানুষ তাদের অবহেলা না করে সঠিকভাবে পরিচর্যা করলে একদিন তারাও আমার মতো হতে পারবে।’
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন সমাজসেবা চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপপরিচালক বন্দনা দাশ, ফাউন্ডেশন ফর অটিজম রিসার্চ ও এডুকেশনের ভাইস চেয়ারম্যান ফাহমিদা ইসলাম চৌধুরী, চিকিৎসক বাসনা মুহুরি, রোটারিয়ান এ বি এম ওদুদউল্লাহ প্রমুখ।
আলোচনাসভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এরপর অনুষ্ঠানে অটিজম আক্রান্ত শিশুরা গান ও নাচ পরিবেশন করে। আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আগে সকাল ১০টার দিকে একটি শোভাযাত্রা বের করা হয়। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে থেকে বের হওয়া শোভাযাত্রাটি এলজিইডি ভবনে গিয়ে শেষ হয়।