'পরিচিতজনের' কাছ থেকে অর্থ পান শ্রীলঙ্কার শালিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শালিকা পেরেরা
শালিকা পেরেরা

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের চুরি হওয়া অর্থের একটা অংশ শ্রীলঙ্কার যে প্রতিষ্ঠানের হিসাবে গিয়েছিল, তার প্রধান হাগোদা গমেজ শালিকা পেরেরা (৩৬) দাবি করেছেন, তিনি তাঁর পরিচিতজনের মাধ্যমে ওই অর্থ পেয়েছিলেন। গত বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে এ কথা বলা হয়েছে।
এদিকে ম্যানিলা টাইমস জানিয়েছে, ফিলিপাইনের সিনেটের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রালফ রেক্টো বাংলাদেশের চুরি যাওয়া অর্থের যে অংশটা দেশটির একটি রেমিট্যান্স কোম্পানির হাতে রয়েছে, তা ফেরত দেওয়ার আহ্বান জানিয়েছেন।
গত ফেব্রুয়ারির ৪ থেকে ৫ তারিখের মধ্যে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ফেডারেল রিজার্ভ ব্যাংকে রাখা বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে ১০০ কোটি মার্কিন ডলার চুরির চেষ্টা করে হ্যাকাররা। এর বেশির ভাগই আটকে দেওয়া হয়। কিন্তু ২ কোটি ডলার পৌঁছে যায় শ্রীলঙ্কার শালিকা ফাউন্ডেশন নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানের হিসাবে। অবশ্য, পরে তা বাতিল করা হয়।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলেছেন, বিশ্বব্যাপী কার্যক্রম থাকা জার্মানির ডয়চে ব্যাংকের মাধ্যমে ওই অর্থ শ্রীলঙ্কায় পৌঁছায়। এই ব্যাংকের সন্দেহের কারণেই শেষ পর্যন্ত শালিকার হিসাবের ওই অর্থ আটকে যায়। অর্থ স্থানান্তরের অনুরোধে প্রাপকের জায়গায় ‘ফাউন্ডেশন’ বানানে ভুল থাকায় ডয়চে ব্যাংক বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের কাছে ব্যাখ্যা চেয়েছিল। এর মাধ্যমেই বেরিয়ে আসে, অর্থ স্থানান্তরের অনুরোধটি ছিল ভুয়া। পরে এই অর্থ বাংলাদেশ ব্যাংককে ফেরত দেওয়া হয়।

 এ ঘটনায় এই প্রথম প্রকাশ্যে মন্তব্য করেছেন শালিকা ফাউন্ডেশনের প্রধান শালিকা পেরেরা। শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, ওই অর্থ তাঁর কাছে প্রত্যাশিত ছিল। কিন্তু তিনি জানতেন না, এটা বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে চুরি করা।

৩৬ বছর বয়সী শালিকার ভাষ্য, শ্রীলঙ্কায় একটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণসহ কয়েকটি প্রকল্পে অর্থায়নের জন্য জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) কাছ থেকে ওই অর্থ তাঁর ফাউন্ডেশনে আসার কথা ছিল। জাইকার সঙ্গে তাঁর কোনো সরাসরি যোগাযোগ ছিল না। মূলত তাঁর পরিচিত এক ব্যক্তি পুরো কারবার চালিয়েছেন। জাপানের সঙ্গে যোগাযোগ ছিল ওই ব্যক্তিরই।

শালিকা বলেন, এখন তাঁর মনে হচ্ছে, ওই পরিচিতজন হ্যাকারদের মাধ্যমে প্রতারিত হয়েছেন, অথবা তিনি নিজেও তাদের অংশ। ওই চক্রে পড়ে তিনিও (পেরেরা) প্রতারিত হয়েছেন।

তবে রয়টার্স বলছে, তারা শালিকার ভাষ্য নিরপেক্ষভাবে যাচাই করতে পারেনি; পাশাপাশি তিনি তাঁর ওই পরিচিতজনের যে ফোন নম্বর ও ই-মেইল ঠিকানা দিয়েছেন, তার মাধ্যমে সেই ব্যক্তির সঙ্গে যোগাযোগও করতে পারেনি তারা।

আর জাইকা বলেছে, শালিকা ফাউন্ডেশনের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই; এমনকি কোনো মধ্যস্থতাকারীর মাধ্যমেও নয়। জাইকার মুখপাত্র নাওইউকি নেমোতো বলেন, ঋণ বা সহায়তাসহ শালিকা ফাউন্ডেশনের সঙ্গে তাঁদের কোনো আদান-প্রদানের সম্পর্ক নেই।

শ্রীলঙ্কা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ তদন্ত চলমান থাকায় এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

সাক্ষাৎকারের সময় শালিকা রয়টার্সকে একটি নথি দেখান, যাতে দেখা যায়, ওই অর্থ শ্রীলঙ্কায় গেছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) নামে। সরকারি সংস্থাটি একটি বিদ্যুৎ প্রকল্পে অর্থায়নের জন্য ২০১০ সালে জাইকার কাছ থেকে ঋণ নিয়েছিল।

বিষয়টিকে ‘হাস্যকর’ আখ্যা দিয়ে আরইবির প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মইন উদ্দীন বলেছেন, হয়তো তারা (হ্যাকাররা) বিষয়টিকে বিশ্বাসযোগ্য করতেই আরইবির নাম ব্যবহার করেছে।

এদিকে, কলম্বোর আদালতে দাখিল করা এক তদন্ত প্রতিবেদন মোতাবেক, পুলিশ এরই মধ্যে শালিকার ওই পরিচিতজনকে জিজ্ঞাসাবাদ করেছে। ওই ব্যক্তি পুলিশকে বলেছেন, জাপানি এক মধ্যস্থতাকারী ওই অর্থ এনে দিতে তাঁকে সাহায্য করেছেন।

প্রতিবেদনে পেরেরার ওই পরিচিতজনের পাশাপাশি জাপানি মধ্যস্থতাকারীর নাম উল্লেখ রয়েছে। রয়টার্স ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, তিনি ভ্রমণে আছেন। এখনই এ বিষয়ে কোনো মন্তব্য করতে পারবেন না।

আদালত শালিকা ফাউন্ডেশনের প্রধান শালিকা, তাঁর স্বামী ও প্রতিষ্ঠানের পরিচালক রামানায়েকা আরাচশিগি ডন প্রদীপ রোহিত ধামকিন এবং আরও চার পরিচালকের দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন।

ফিলিপাইনের সিনেটের প্রেসিডেন্টের আহ্বান: বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে আরও ৮ কোটি ১০ লাখ ডলার জমা হয়ে যায় ফিলিপাইনের রিজাল ব্যাংকে হ্যাকারদের চারটি হিসাবে। এরপর সেই অর্থ যায় কয়েকটি ক্যাসিনোতে।

ম্যানিলা টাইমস-এর এক খবরে বলা হয়, ফিলিপাইনের সিনেটের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রালফ রেক্টো চুরি যাওয়া অর্থের যে অংশটা দেশটির রেমিট্যান্স কোম্পানি ফিলরেম করপোরেশনের কাছে রয়েছে, তা ফেরত দিতে তাদের প্রতি আহ্বান জানিয়েছেন।

ফিলিপাইনের সিনেটের একটি দল বর্তমানে এ ঘটনার তদন্ত করছে। সিনেটের শুনানিতে অংশ নিয়ে অর্থ চুরির সঙ্গে জড়িত সন্দেহভাজন ব্যবসায়ী ও ক্যাসিনোর পরিচালক কিম ওয়ং পাচারের কিছু অর্থ ফেরত দেওয়ার কথা বলেন। গত বৃহস্পতিবার তিনি ৪৬ লাখ ৩০ হাজার মার্কিন ডলার দেশটির মুদ্রা পাচারবিরোধী কাউন্সিলের (এএমসিএল) কাছে ফেরত দিয়েছেন। তিনি সিনেটকে বলেছেন, ওই অর্থের মধ্যে ১ কোটি ৭০ লাখ ডলার এখনো ফিলরেম করপোরেশনের কাছে রয়েছে।

অর্থের উৎস জানতে চাইবেন না: কিম ওয়ং বার্তা সংস্থা রয়টার্সকে সাক্ষাৎকার দিয়েছেন। এ সময় তিনি অর্থ চুরির ঘটনায় নিজের জড়িত থাকার অভিযোগ আবারও অস্বীকার করেন। তাঁর কাছে অর্থ কীভাবে গিয়েছিল তা জানতে চাইলে তিনি বলেন, ‘এ কথা জিজ্ঞাসা করবেন না, এটা অসম্মানজনক।’ তিনি আরও বলেন, ‘ক্যাসিনো ব্যবসায় ধনবান জুয়াড়িদের সঙ্গে লেনদেনে দুটি গুরুত্বপূর্ণ রীতি আছে; আপনি সব সময় তাঁদের অর্থ দেখতে চাইবেন, কিন্তু কখনোই জানতে চাইবেন না অর্থ কোথা থেকে এসেছে।’