'পরিচ্ছন্নতার মাধ্যমে পানিবাহিত রোগ থেকে দূরে থাকা সম্ভব'
পরিচ্ছন্নতা, সচেতনতা ও স্বাস্থ্যসম্মত আচরণের মাধ্যমে পানি ও পয়ঃবর্জ্যসম্পর্কিত রোগ থেকে দূরে থাকা সম্ভব। খাওয়ার আগে ও শৌচাগার ব্যবহারের পর সাবান দিয়ে হাত ধোয়া স্বাস্থ্যসম্মত আচরণের অংশ। এসব আচরণকে অভ্যাসে পরিণত করতে সরকারের পাশাপাশি দায়িত্বশীল সব পক্ষকে এগিয়ে আসতে হবে।
গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে ‘হাইজিন প্রসারের জাতীয় কৌশলপত্র-২০১২’ অবহিতকরণ কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। স্থানীয় সরকার বিভাগের পলিসি সাপোর্ট ইউনিট ও জেলা প্রশাসন এ কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় জানানো হয়, স্থানীয় সরকার বিভাগের পলিসি সাপোর্ট ইউনিট পানি ও স্যানিটেশনের জন্য উন্নয়ন পরিকল্পনা ২০১১-২০১৫ প্রণয়ন করেছে। সেটির আওতায় প্রণীত হয়েছে হাইজিন প্রসারের জাতীয় কৌশলপত্র-২০১২। এতে ব্যক্তিগত, খাদ্য, পানি, পরিবেশসংক্রান্ত পরিচ্ছন্নতা অভ্যাসের জন্য নানা ধরনের কৌশলের কথা উল্লেখ আছে।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আলেফউদ্দিন। জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে কর্মশালায় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগের পরিচালক আলাউদ্দিন মজুমদার, স্থানীয় সরকার বিভাগের পরিচালক শঙ্কর রঞ্জন সাহা, পলিসি সাপোর্ট ইউনিটের প্রকল্প পরিচালক কাজী আবদুল নূর, সহকারী প্রকল্প পরিচালক মো. আবদুর রউফ। কৌশলপত্র উপস্থাপন করেন এস এম মনিরুজ্জামান।
কর্মশালায় সিটি করপোরেশনের কাউন্সিলরসহ বিভিন্ন সরকারি, বেসরকারি, সামাজিক, স্বেচ্ছাসেবী ও গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন।