'পরিবহন বিভাগে নৈরাজ্যের শঙ্কা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে পরিবহন মালিক গ্রুপের আরেকটি পাল্টা সংগঠন গড়ে ওঠায় পরিবহন বিভাগে নৈরাজ্য ও চাঁদাবাজিসহ অসাংগঠনিক কার্যকলাপ শুরু হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
গতকাল শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আশঙ্কা প্রকাশ করে চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপ। সংবাদ সম্মেলনে নতুন মালিক গ্রুপের কার্যক্রম বন্ধের দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি মঞ্জুরুল আলম। সংগঠনের মহাসচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, কতিপয় স্বার্থান্বেষী ব্যক্তি পরিবহন বিভাগে অনিয়ম ও অরাজকতা সৃষ্টির লক্ষ্যে একই জেলায় চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপ হিসেবে বাণিজ্য সংগঠন পরিচালনার উদ্যোগ গ্রহণ করে। এতে আরও বলা হয়, বাণিজ্য সংগঠন অধ্যাদেশ ১৯৬১-এর ২ বিধান অনুযায়ী একটি জেলার জন্য সওদাগরি ও শিল্প সভাসমূহের ফেডারেশন হিসেবে নিবন্ধনের লাইসেন্স একাধিক বাণিজ্যিক সংগঠনকে মঞ্জুর করা হবে না। অথচ বাণিজ্য মন্ত্রণালয় ২০১৪ সালের ৬ জুলাই চট্টগ্রাম মেট্রোপলিটন মালিক গ্রুপের পক্ষে ট্রেড অর্গানাইজেশন (টিও) লাইসেন্স দেয়। মন্ত্রণালয় বিষয়টির পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ না করে লাইসেন্স দেওয়ায় চট্টগ্রামে মেট্রোপলিটন মালিক গ্রুপের পাল্টাপাল্টি আরেকটি সংগঠন দাঁড় করানো হয়েছে। এতে চট্টগ্রামের পরিবহন বিভাগে অনিয়ম ও অরাজকতা সৃষ্টি হচ্ছে।