'পরিবেশ পুলিশ' বাহিনী চেয়েছে ডিএনসিসি
একদিকে ফুটপাত দখলমুক্ত হয়, অন্যদিকে উচ্ছেদকারীরা ফিরে যেতে না যেতেই আবার দখল হয়ে যায়। এসব উচ্ছেদ অভিযান চালাতে প্রয়োজন হয় পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য। অনেক সময় পুলিশ না পাওয়ায় উচ্ছেদও হয় না। ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এ অবস্থায় নিজেদের অধীনে ‘পরিবেশ পুলিশ’ নামে নিজস্ব বাহিনী করার পরিকল্পনা করছে।
ডিএনসিসির মেয়র আনিসুল হক প্রথম আলোকে বলেন, সিটি করপোরেশনের নিজস্ব বাহিনী না থাকায় নিয়মিত উচ্ছেদ চালানো সম্ভব হয় না। কয়েক শ পরিবেশ পুলিশ দিলে ভালো হয়, এঁরা মেয়রের নিয়ন্ত্রণেই থাকবেন। তাঁদের জবাবদিহি থাকবে। পরিবেশ পুলিশ থাকলে পুরো শহরের চেহারাই বদলে যাবে।
ডিএনসিসির পরিকল্পনা অনুযায়ী, অবৈধ দখলদার উচ্ছেদ কার্যক্রমে অংশ নেওয়া ছাড়াও গৃহস্থালি বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলা, নির্মাণসামগ্রী সড়কে না রাখা, বাড়ি বাড়ি গাছের চারা ও সার পৌঁছে দেওয়ার মতো কাজেও অংশ নেবেন পরিবেশ পুলিশ সদস্যরা। পরিবেশ পুলিশের জন্য নিজস্ব পোশাক ও যানবাহনের ব্যবস্থা রাখার পরিকল্পনা আছে। পরিবেশ পুলিশের সদস্যরা নিয়মিত ডিএনসিসির বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন এবং এলাকার সমস্যা সমাধানে অংশ নেবেন।
পরিবেশ রক্ষায় পরিবেশ পুলিশ গঠনের ব্যাপারটি এখনো ডিএনসিসির পরিকল্পনা। তবে ডিএনসিসি ঢাকার পরিবেশ রক্ষায় ও সবুজ ঢাকা গড়তে ‘সবুজ ঢাকা’ শীর্ষক এক প্রচারাভিযান ইতিমধ্যে শুরু করেছে। গতকাল শুক্রবার মিরপুর-১০ নম্বরের জাতীয় মুকুল ফৌজ মাঠে এ প্রচারাভিযানের উদ্বোধন করা হয়। রাজধানীবাসীকে গাছ লাগাতে উৎসাহিত করার মাধ্যমে সবুজ শহর গড়ে তোলাই এই প্রচারাভিযানের উদ্দেশ্য। প্রচারাভিযানের উদ্বোধন অনুষ্ঠানে স্কুলের শিক্ষার্থী এবং স্থানীয় লোকজনের হাতে গাছের চারা তুলে দেন ডিএনসিসির মেয়র আনিসুল হক।
অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে মেয়র বলেন, নগরবাসী সহায়তা না করলে শুধু সিটি করপোরেশনের কর্মকর্তা ও কাউন্সিলররা শত চেষ্টা করলেও সবুজ ঢাকা গড়তে পারবেন না। সবুজ ঢাকা প্রচারাভিযান বাস্তবায়নে ডিএনসিসির পরামর্শমূলক সহযোগী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়।
উত্তরের মেয়র বলেন, সবুজ নগরী গড়তে বাসা, হাসপাতাল, রাস্তায়, স্কুলসহ সব প্রতিষ্ঠানে গাছ লাগাতে হবে। উত্তর সিটি করপোরেশনে ১ লাখ ৭৬ হাজার ইউনিট বাড়ি-ফ্ল্যাট রয়েছে। প্রতিটি ইউনিটে একটি করে গাছ লাগালে এক বছরে অনেক গাছ হয়ে যাবে। ঠিকাদারদের রাস্তা সংস্কারের পরে সড়কের পাশে এবং নতুন বাড়ি করা হলে সেখানে গাছ লাগানো বাধ্যতামূলক করে দেওয়া হবে বলে জানান আনিসুল হক।
ফুটপাত দখলমুক্ত করা শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘ফুটপাত পরিষ্কার করা শুরু হয়েছে, এপ্রিলের মধ্যে অনেক ফুটপাত পরিষ্কার হয়ে যাবে। তবে কারও ওপর অত্যাচার করতে চাই না। যাঁরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তাঁদের জন্য কিছু করার চেষ্টা করছি।’ যেসব ফুটপাত মুক্ত করা হচ্ছে, সেগুলো যাতে আবার দখল না হয় সে জন্য পুলিশসহ সবার সহযোগিতা চান মেয়র।
৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কাজী জহিরুল ইসলামের সভাপতিত্বে স্থানীয় সাংসদ ইলিয়াস উদ্দিন মোল্লা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. হামিদুর রহমান, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আ ফ ম মো. জামাল উদ্দিন, ইউনিভার্সেল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেডের চেয়ারম্যান প্রীতি চক্রবর্তী প্রমুখ বক্তব্য দেন।