'পরিবেশ বাঁচাতে বন রক্ষা করতে হবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানুষ বন ধ্বংস করে, আবার সৃষ্টিও করে। তাই এখন বন সৃষ্টি করা দরকার। বন থাকলে পানির উৎস বেড়ে যায়। পরিবেশ বাঁচাতে বন রক্ষা করতে হবে।
গতকাল বৃহস্পতিবার সকালে রাঙামাটি পর্যটন হলিডে কমপ্লেক্স মিলনায়তনে বন ও গাছ জরিপ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এফএও, ইউএসএআইডি ও সিলভার্কাবনের সহযোগিতায় বন বিভাগের উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সাংসদ উষাতন তালুকদার। মতবিনিময় সভা শেষে বন ও গাছ জরিপ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন তিনি।
মতবিনিময় সভায় উষাতন তালুকদার বলেন, পার্বত্য চট্টগ্রামে যেহেতু ভূমি জরিপ নিয়ে বিতর্ক আছে, সে জন্য বন ও গাছ জরিপের আগে সব সম্প্রদায়ের মানুষকে বিষয়টি জানানো দরকার। তিনি আরও বলেন, বনভূমি বাড়াতে স্থানীয় সাধারণ মানুষকে সম্পৃক্ত করা প্রয়োজন।
জেলা প্রশাসক মো. মানজারুল মান্নান বলেন, বাংলাদেশে বিভিন্ন বিষয়ে জরিপ হয়। কিন্তু বন ও গাছ জরিপ করা হয় না। বন ও গাছ জরিপের যে উদ্যোগ নেওয়া হয়েছে, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বন বিভাগের রাঙামাটি সার্কেলের বন সংরক্ষক মো. শামসুল আজম বলেন, ‘পার্বত্য চট্টগ্রামে সংরক্ষিত বনের পাশাপাশি সামাজিক ও ব্যক্তিগত বন আছে। আমরা সব বন জরিপ করব।’ তিনি জানান, কিছুদিনের মধ্যে স্থানীয় লোকজনের সহযোগিতায় বন ও গাছ জরিপের কাজ শুরু হবে।
সভায় বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম বন সংরক্ষণ কমিটির সভাপতি গৌতম দেওয়ান, কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. দিদারুল হোসেন, বন বিভাগের পার্বত্য চট্টগ্রামের দক্ষিণ বিভাগীয় বন কর্মকর্তা মো. সালাহ উদ্দিন, কাপ্তাই কাঠ ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সভাপতি ইব্রাহীম খলিল, কাপ্তাই উপজেলার বাজ্জেতলী মৌজার হেডম্যান থোয়াই অং মারমা, রাঙামাটি জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক অভয় প্রকাশ চাকমা, প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন প্রমুখ।