পাথর কোয়ারিতে পাথর উত্তোলনের সময় পরিবেশ নামের মূল্যবান সম্পদ যাতে ধ্বংস না হয়, সে ব্যাপারে সচেতন থাকতে হবে। জনসচেতনতাই পরিবেশ রক্ষার মূল শক্তি। গতকাল শনিবার সিলেটে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) আয়োজিত মুক্ত আলোচনায় বক্তারা এ কথা বলেন। সিলেট নগরের একটি রেস্তেরাঁর সমেঞ্চলনকক্ষে আয়োজিত এই মুক্ত আলোচনার সহযোগী আয়োজক ছিল কোম্পানীগঞ্জ উপজেলা পাথর পরিবহন বারকি সমবায় সমিতি। ‘ধলাই নদী ও ভোলাগঞ্জ পাথর কোয়ারি রক্ষায় করণীয়’ বিষয়ক তথ্য উপস্থাপন করার পর এ নিয়ে শুরু হয় মুক্ত আলোচনা। এতে অন্যান্যের মধ্যে আলোচনা করেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এনামুল হাবীব, অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মোহামঞ্চদ ইব্রাহিম খান, বাপার কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক শরীফ জামিল। সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদউল্লাহ শহিদুল ইসলামের সভাপতিত্বে মুক্ত আলোচনায় অংশ নেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের প্রধান আবদুল আউয়াল বিশ্বাস, সিভিল এনভায়রনমেন্ট বিভাগের প্রধান জহির বিন আলম। মুক্ত আলোচনা সঞ্চালনা করেন বাপা সিলেটের সাধারণ সম্পাদক আবদুল করিম। বক্তারা বলেন, প্রাকৃতিক সম্পদ উত্তোলনের নামে পরিবেশ ধ্বংসের চিত্র বেশি দেখা যায়। বিষয়টি উদ্বেগজনক। সভায় কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ পাথর কোয়ারি সম্পর্কিত তথ্যাদি পর্যালোচনা করে বক্তারা সিলেট বিভাগের সব পাথর কোয়ারি নিয়ে একটি বৃহৎ পরিসরে সম্মেলন আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন। পরিবেশকে সম্পদ হিসেবে বিবেচনার আহ্বান জানিয়ে সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এনামুল হাবীব প্রথম আলোকে বলেন, ‘ভোলাগঞ্জ পাথর কোয়ারি আমাদের একটি অমূল্য সম্পদ। পরিবেশের ক্ষতি হলে নেতিবাচক প্রভাব সবার আগে আমাদের ওপরই পড়বে। আমাদের তখন বড় খেসারত দিতে হবে।’ মোহামঞ্চদ ইব্রাহিম খান প্রথম আলোকে বলেন, পরিবেশ রক্ষার দায় এড়ানোর সুযোগ নেই, তাই দায়িত্ব নিতে হবে সবাইকে।