'পরিবেশদূষণের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে'
বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক শরিফ জামিল বলেছেন, সরকারগুলোর নেপথ্য সহযোগিতায় বাংলাদেশে সবচেয়ে বেশি পরিবেশদূষণ ঘটেছে। নারায়ণগঞ্জেও একই ঘটনা ঘটেছে। তাই সাধারণ মানুষকেই সচেতন হয়ে পরিবেশদূষণের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
গতকাল শনিবার ‘নারায়ণগঞ্জের পরিবেশ সমস্যা ও করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে শরিফ জামিল এসব কথা বলেন। বাপার নারায়ণগঞ্জ শাখার উদ্যোগে নারায়ণগঞ্জ ক্লাব কনভেনশন সেন্টারে ওই বৈঠক হয়।
বৈঠকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘সিটি করপোরেশন মার্কেট নির্মাণের ৪০০ কোটি টাকার প্রকল্প বাদ দিয়ে শীতলক্ষ্যা নদীর টানবাজার প্রান্ত থেকে ধলেশ্বরীর কাশিপুর প্রান্ত পর্যন্ত সংযোগ খালটি পুনঃ খনন ও সৌন্দর্যবর্ধনের উদ্যোগ নিয়েছে।’
বাংলাদেশ নিট পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) জ্যেষ্ঠ সহসভাপতি মোহামঞ্চদ হাতেম বলেন, নদীদূষণের জন্য নারায়ণগঞ্জের গার্মেন্টস, ডাইং কারখানাগুলোই সবচেয়ে বেশি দায়ী—এটা সত্য। শুরুতে অপরিকল্পিতভাবেই এ শিল্প গড়ে ওঠে। এ কারণে এ শিল্পের মাধ্যমে নদী দূষিত হয়। এখন বেশির ভাগ কারখানা চেষ্টা করে যতটা কম পরিবেশ দূষণ করা যায়।
হাতেম অভিযোগ করেন, ‘পরিবেশ অধিদপ্তর আমাদের পরিবেশবান্ধব করার চাইতে পরিবেশের অজুহাতে বাণিজ্য করতে বেশি আগ্রহী।’
স্থানীয় দৈনিক শতকথার সম্পাদক মুক্তিযোদ্ধা আজহার হোসেন বলেন, ‘শীতলক্ষ্যার পানি পান তো দূরে থাক, এর ওপর দিয়ে যাওয়ার সময় নাকে রুমাল দিতে হয় যেমনটি পচা লাশের পাশ দিয়ে যাওয়ার সময় হয়। শীতলক্ষ্যা এখন নদী নয়। নদীর নামে একটি লাশ।’
বাপার নারায়ণগঞ্জ শাখার আহ্বায়ক এ বি সিদ্দিকের অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক আবদুল হাই, পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক গোলাম মোহামঞ্চদ ভূঁইয়া, বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক মোহামঞ্চদ মঞ্জুর কাদির, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাগরিক আন্দোলনের নেতা রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের পরিবেশ কমিটির প্রধান ও সিটি কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, পরিবেশবাদী সংগঠন নির্ভীক-এর আহ্বায়ক ও নগর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামাল, বিএনপির নেতা জান্নাতুল ফেরদৌস প্রমুখ।