রাজনৈতিক পরিস্থিতি আপাতত শান্ত মনে হলেও সংকট এখনো দূর হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। তিনি বলেন, বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে ক্ষমতাকেন্দ্রিক দ্বন্দ্ব এখনো শেষ হয়নি। গতকাল শনিবার রাজধানীতে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন মিলনায়তনে নাগরিক ঐক্যের ওয়েবসাইট উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মুহাজিদুল ইসলাম সেলিম এসব কথা বলেন।
সাবেক প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা ওয়েবসাইটটি উদ্বোধন করেন। প্রধান অতিথির বক্তৃতায় তিনি দশম সংসদের নির্বাচনকে ‘চরম অগণতান্ত্রিক’ বলে মন্তব্য করেন। তিনি প্রধান দুই রাজনৈতিক দল প্রসঙ্গে বলেন, যারা নিজেদের দলীয় গঠনতন্ত্র মেনে চলে না, সেসব রাজনৈতিক দল কীভাবে দেশের গণতন্ত্র রক্ষা করবে? উপজেলা নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, এটি নির্দলীয় নির্বাচন, কিন্তু তাতে বড় দুই দলের নির্লজ্জ দলীয় প্রভাব দেশের সংবিধানকেও অবমাননা করে।
সভাপতির বক্তৃতায় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, বারবার ভোট দিয়ে মানুষ অবহেলিত হয়েছে। আর এবার মানুষের ভোটের অধিকারকেই উপেক্ষা করা হয়েছে।
অন্যদের মধ্যে বক্তৃতা করেন বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, স্থপতি মোবাশ্বের হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজউদ্দিন খান, টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান প্রমুখ।