'পরিস্থিতি সরকারের পূর্ণ নিয়ন্ত্রণে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা । ফাইল ছবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা । ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের সুনাম ক্ষুণ্ন করতে ও একটা পরিস্থিতি তৈরির লক্ষ্যেই দুই বিদেশিকে একই কায়দায় হত্যা করা হয়েছে। তবে পরিস্থিতির ওপর সরকারের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে এবং সরকার সব ধরনের সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ নির্মূল করতে প্রস্তুত রয়েছে।
বাংলাদেশে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত হিসেবে সদ্য দায়িত্ব নেওয়া মিজ লিওনি কিউলেন আজ মঙ্গলবার প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি রাষ্ট্রদূতকে এ কথা বলেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ হয়। খবর বাসসের।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে তাঁর সরকারের অবিরত অভিযানের কথা উল্লেখ করেছেন। এসব পদক্ষেপ প্রতিবেশী দেশগুলোর জঙ্গি কর্মকাণ্ড নিয়ন্ত্রণে সহায়ক হয়েছে। প্রধানমন্ত্রী দেশে কয়েকটি রাজনৈতিক দলের কিছু সন্ত্রাসী কর্মকাণ্ডের উল্লেখ করে বলেছেন, তারা জাতির পিতার ঘাতকদের বিদেশে চাকরি দিয়ে পুরস্কৃত করেছিল। তারা ২০০৪ সালের ২১ আগস্টে ভয়াবহ গ্রেনেড হামলা চালিয়েছিল এবং চলতি বছরের শুরুতে রাজনৈতিক কর্মকাণ্ডের নামে সারা দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। প্রধানমন্ত্রী বৈঠকে বলেছেন, বর্তমানে পরিস্থিতি সরকারের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং সরকার অশুভ শক্তির যেকোনো ধরনের ষড়যন্ত্র নস্যাৎ করতে প্রস্তুত। 

প্রধানমন্ত্রী বাংলাদেশে নতুন এই রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে বিভিন্ন বিষয়ে বিশেষ করে জলবায়ু পরিবর্তন প্রভাব, পানি ব্যবস্থাপনা, শিপিং, কৃষি এবং সমুদ্র ভূমি উদ্ধারের মতো অনেক সহযোগিতার ক্ষেত্র রয়েছে।
শেখ হাসিনা বলেন, বর্তমান সরকার জনগণের জীবনমান উন্নয়নে দৃঢ় প্রতিজ্ঞ। এ ক্ষেত্রে নেদারল্যান্ডসের মতো উন্নত দেশগুলো বাংলাদেশকে সহায়তা করতে পারে। ডাচ দূত সম্প্রতি জাতিসংঘের মর্যাদাপূর্ণ দুটি পুরস্কার লাভ করায় এবং তাঁর নেতৃত্বে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (এমডিজি) অর্জিত হওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান। সুন্দর এই দেশে কাজ করার সুযোগ পেয়ে আনন্দ প্রকাশ করে তিনি বলেছেন, আগামী দিনগুলোতে বাংলাদেশের বিভিন্ন স্থান তিনি ঘুরে দেখতে চান। ডাচ রাষ্ট্রদূত আর্থসামাজিক ক্ষেত্রে বাংলাদেশের অব্যাহত অগ্রগতির প্রশংসা করেন। প্রধানমন্ত্রী ডাচ রাষ্ট্রদূতকে বাংলাদেশে দায়িত্ব পালনকালে তাঁর সরকারের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. আবুল কালাম আজাদ এ সময় উপস্থিত ছিলেন।