দশ ট্রাক অস্ত্র আটক মামলা: জেরায় সার্জেন্ট আলাউদ্দিন
‘পরিস্থিতির কারণে দায়সারা সাক্ষ্য দিয়েছিলাম’
পরিস্থিতির কারণে মূল বিষয় এড়িয়ে ২০০৬ সালে আদালতে দায়সারা গোছের সাক্ষ্য দিয়েছিলেন মামলার সাক্ষী ও ১০ ট্রাক অস্ত্র আটক ঘটনার প্রত্যক্ষদর্শী সার্জেন্ট মো. আলাউদ্দিন।গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের বিশেষ ট্রাইব্যুনাল-১-এর বিচারক এস এম মজিবুর রহমানের আদালতে আসামিপক্ষের জেরার জবাবে এসব কথা বলেন সার্জেন্ট আলাউদ্দিন। তাঁকে জেরা অসমাপ্ত রেখেই গতকাল দিনের কার্যক্রম শেষ হয়। আদালত আগামী ২ অক্টোবর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন।গতকাল বৃহস্পতিবার দুপুরে আসামি হাফিজুর রহমানের আইনজীবী মাহমুদুর রহমান জেরা শুরু করেন। জেরার শুরুর দিকে আইনজীবীর এক প্রশ্নের জবাবে সার্জেন্ট আলাউদ্দিন বলেন, ‘২০০৬ সালের ২২ ও ২৩ মে এই মামলায় সাক্ষ্য দিয়েছিলাম।’ এরপর আইনজীবী প্রশ্ন করেন, ‘ওই সময় জেনে, বুঝে ও শপথ নিয়ে মিথ্যা সাক্ষ্য দিয়েছিলেন, নাকি সত্য সাক্ষ্য দিয়েছিলেন?’ এর উত্তরে আলাউদ্দিন বলেন, ‘সত্য-মিথ্যা জানি না। পরিস্থিতির কারণে মূল বিষয় এড়িয়ে একটি দায়সারা গোছের সাক্ষ্য দিয়েছিলাম।’২০০৪ সালের ১ এপ্রিল রাতে চট্টগ্রামের ইউরিয়া সার কারখানার (সিইউএফএল) জেটিঘাটে অস্ত্র আটকের সময় সার্জেন্ট আলাউদ্দিন সংলগ্ন বন্দর পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। ওই রাতে জেটিঘাটে অস্ত্র খালাসের ঘটনা প্রত্যক্ষ করেছিলেন তিনি ও সার্জেন্ট হেলাল উদ্দিন। রাষ্ট্রপক্ষের পুনঃ তলব আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৯ আগস্ট আদালতে সাক্ষ্য দেন তিনি।এর আগে গত ২৭ আগস্ট আদালতে জেরার জবাবে সার্জেন্ট হেলাল উদ্দিন বলেছিলেন, ‘২০০৬ সালের ২২ ও ২৩ মে ডান্ডাবেড়ি পরিয়ে আমাকে অসত্য সাক্ষ্য দিতে বাধ্য করা হয়েছিল। সে সময় যে সাক্ষ্য দিয়েছি, তা অসত্য ছিল পরিস্থিতিগত কারণে।’১০ ট্রাক অস্ত্র চালান থেকে দুটি একে-৪৭ বিক্রি করে দেওয়ার অভিযোগে সার্জেন্ট আলাউদ্দিন ও হেলাল উদ্দিনকে ২০০৫ সালে গ্রেপ্তার করে র্যাব। গতকাল বৃহস্পতিবার শেষ বিকেলে আসামি সিইউএফএলের সাবেক মহাব্যবস্থাপক (প্রশাসন) এনামুল হকের চিকিৎসার জন্য জামিনের আবেদন করেন তাঁর আইনজীবী। আদালত জামিনের আবেদন নাকচ করে তাঁর চিকিৎসার জন্য জেল কর্তৃপক্ষকে জেল কোড অনুসারে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।