'পরীক্ষা দেব, না খাবার খুঁজব?'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছি। কিন্তু মনোযোগ দিয়ে পরীক্ষা দিতে পারছি না। কারণ, আমাদের এতিমখানায় এখন খাবার বন্ধ। এখন আমি পরীক্ষা দেব, না খাবার খুঁজব?’

রাজধানীর আজিমপুরে স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানায় খাবারসহ বিভিন্ন প্রয়োজনীয় খাতে অর্থ সরবরাহ বন্ধ ও কমিটির কর্মকর্তাদের দুর্নীতির প্রতিবাদে এক সংবাদ সম্মেলনে এতিমখানার শিক্ষার্থী সালামত খান এভাবেই তার উদ্বেগের কথা জানায়।

আজ সোমবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এ সম্মেলনের আয়োজন করেন ওই এতিমখানার শিক্ষার্থী ও কর্মকর্তারা।

সংবাদ সম্মেলনে সালামত খান জানায়, সে মিরপুর সরকারি বাঙলা কলেজ থেকে এবার পরীক্ষা দিচ্ছে। বর্তমান কমিটি অর্থের জোগান বন্ধ করে দেওয়ায় এতিমখানায় খাবার সরবরাহ বন্ধ। ফলে তাঁর মতো দুই শতাধিক শিক্ষার্থী এখন দুর্ভোগের শিকার।

ভেতরে সংবাদ সম্মেলনে সালামত যখন কথাগুলো বলছিল, তখন বাইরে ব্যানার নিয়ে দাঁড়িয়ে এতিমখানার কয়েক শ শিক্ষার্থী একই উদ্বেগের কথা জানায়।

এতিমখানায় অর্থ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় প্রতিবাদের ঝড় উঠেছে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকেও। ঘটনার নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে দ্রুত সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন অনেক ফেসবুক ব্যবহারকারী। ইতিমধ্যে ‘ভালোবাসি বাংলাদেশ’ নামের একটি সংগঠনের সদস্যরা আজ দুপুরে এতিমখানায় খাবার সরবরাহ করেছেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে এতিমখানার শিক্ষার্থী মুরসালিন খান। লিখিত বক্তব্যে বলা হয়, ২০০৩ সালে এতিমখানার জমিতে ভবন নির্মাণের জন্য একটি আবাসন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হন কমিটির সাবেক সভাপতি সামসুন্নাহার আহসানউল্লাহ ও সাবেক সহসম্পাদক খাজা জাকী আহসানউল্লাহ ওরফে সানি। চুক্তিতে এতিমখানার জন্য ভবনের যে পরিমাণ অংশ রাখা হয়েছে, তা নিতান্তই কম। এতিমখানা ক্ষতিগ্রস্ত হওয়ায় শিক্ষার্থী ও কর্মকর্তারা দীর্ঘদিন ধরে এর প্রতিবাদ জানিয়ে আসছেন। কিন্তু বর্তমান কমিটির সভাপতি খাজা জাকী ও সাধারণ সম্পাদক আনিসুর রহমান কোনো কিছু তোয়াক্কা না করে প্রতিবাদকারীদের পুলিশ দিয়ে, মামলা দিয়ে বিভিন্নভাবে হয়রানি করছেন।

মুরসালিন জানায়, চলতি বছরের ১১ ফেব্রুয়ারি চুক্তির বিরুদ্ধে আদালতে রিট পিটিশন করে তারা। আদালত সরকারের কাছ থেকে ইজারা নেওয়া এতিমখানার সম্পূর্ণ সম্পত্তিতে রুল জারি করে সব কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দেন।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ও তদন্ত করে গত ১০ এপ্রিল একটি প্রতিবেদন দেয়। প্রতিবেদনে বর্তমান কমিটি বাতিল করে প্রশাসক নিয়োগ দেওয়াসহ বিভিন্ন সুপারিশ করা হয়। অথচ কমিটি এখনো বিলুপ্ত করা হয়নি।

লিখিত বক্তব্যে বলা হয়, এসব কারণে ক্ষিপ্ত হয়ে বর্তমান কমিটির কর্মকর্তারা আর অর্থ সরবরাহ করছেন না। ফলে দুই শতাধিক এতিম শিক্ষার্থীর খাবার সরবরাহে হিমশিম খেতে হচ্ছে। ব্যাহত হচ্ছে তাদের শিক্ষা। কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষকদের বেতন নিয়েও অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে।

লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, সভাপতি ও সাধারণ সম্পাদক স্বার্থসিদ্ধির জন্য নিজেদের মতো এতিমখানার গঠনতন্ত্র পরিবর্তন করেছেন। আর এ পরিবর্তিত গঠনতন্ত্রে জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক হারুন-অর-রশীদ অর্থের বিনিময়ে বেআইনিভাবে অনুমোদন দিয়েছেন। বিভিন্ন ধরনের দুর্নীতি ও জালিয়াতির আশ্রয় নিয়েছেন কমিটির কর্মকর্তারা।

সংবাদ সম্মেলনে বর্তমান কমিটি বাতিল করে প্রশাসক নিয়োগের মাধ্যমে দ্রুত একটি স্থায়ী সমাধানের জন্য সরকারের কাছে দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে ‘ভালোবাসি বাংলাদেশ’ সংগঠনের প্রতিনিধি সুফী ফারুক বলেন, প্রশাসনিক যে ঘটনাই ঘটুক না কেন, এতিমখানার শিশুদের খাবার বন্ধ করে দেওয়া অমানবিক। আগামী সাত দিন তাঁরা এতিমখানায় খাবার সরবরাহ করবেন জানিয়ে তিনি বলেন, এ সাত দিনের মধ্যেই যেন স্থায়ী সমাধান করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এতিমখানার তত্ত্বাবধায়ক নাজমুস সাদাত, সহকারী তত্ত্বাবধায়ক নূরুল ইসলামসহ শিক্ষার্থী-শিক্ষকেরা।