'পরীক্ষার ফল প্রকাশ হলো, প্রকাশ হলো না হত্যাকারীদের নাম'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনুর স্নাতক (সম্মান) প্রথম বর্ষের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। ইতিহাস বিভাগ থেকে সিজিপিএ-২.৮৩ পেয়েছেন তিনি। ফল প্রকাশের খবর পাওয়ার পর তনুর মা আনোয়ারা বেগম বলেন, ‘মেয়েটার পরীক্ষার ফলাফল প্রকাশ হলো, কিন্তু প্রকাশ হলো না তার হত্যাকারীদের নাম।’
গত বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ওই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। ভিক্টোরিয়া কলেজের ইতিহাস বিভাগের প্রধান রেহানা ইয়াসমিন বলেন, তনুর প্রথম বর্ষের পরীক্ষা ফেব্রুয়ারিতে শেষ হয়। বৃহস্পতিবার বিভাগের ফল প্রকাশিত হয়। এতে ছয়টি কোর্সের মধ্যে তনু সিজিপিএ-৩ থেকে কিছুটা কম পেয়েছেন।
তনুর পরীক্ষার ফলাফল জানার পর কান্নায় ভেঙে পড়েন তাঁর মা। গতকাল শনিবার সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোর কাছে এ নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তনু হত্যাকাণ্ডের বিচারপ্রক্রিয়ার দীর্ঘসূত্রতা নিয়ে উত্কণ্ঠা প্রকাশ করেন তিনি। হত্যা মামলার তদন্তের অগ্রগতি নিয়েও চরম হতাশার কথা জানান।
আনোয়ারা বেগম বলেন, ‘হত্যাকারীরা শক্তিশালী হওয়ায় সম্ভবত তাদের নাম প্রকাশ করা হচ্ছে না। মেয়ের হত্যার বিচার চাইতে আমাদের বারবার প্রতিকূলতার সম্মুখীন হতে হচ্ছে। এত আন্দোলন হলো, এত আশ্বাস পেলাম। কিন্তু কোনো কিনারা নাই। ইতিহাস বিভাগের ছাত্রী ইতিহাস হয়ে থাকবে।’
মামলার অগ্রগতি প্রসঙ্গে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা গাজী মোহাম্মদ ইব্রাহীমকে গতকাল সন্ধ্যায় একাধিকবার ফোন করা হলেও তাঁকে পাওয়া যায়নি। তবে মামলার তদন্ত-সহায়ক দলের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সবাই মামলাটির একটি রেজাল্ট দেখতে চান। তদন্তের ক্ষেত্রে সিআইডি এখন সবার সহযোগিতা পাচ্ছে। আশা করা যায়, কিছু একটা হবে। এ নিয়ে হতাশ হওয়ার কিছু নেই।
তনুর বাবা কুমিল্লা ক্যান্টনমেন্ট বোর্ডের অফিস সহকারী ইয়ার হোসেন গতকাল বাদ আসর গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার মির্জাপুর গ্রামে মেয়ের জন্য দোয়ার আয়োজন করেন।
গত ২০ মার্চ তনুর লাশ কুমিল্লার ময়নামতি সেনানিবাসের পাওয়ার হাউসের অদূরে ঝোপ থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় ২১ মার্চ তনুর বাবা কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা করেন। ১ এপ্রিল থেকে এ মামলার তদন্ত করছে সিআইডি। এখন পর্যন্ত এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা যায়নি। এমনকি সন্দেহভাজন ব্যক্তিদের ডিএনএ মেলাতে পারেনি সিআইডি।
এরই মধ্যে ১১ জুলাই মামলার তদন্ত তদারক কর্মকর্তা নাজমুল করিম খানকে সিআইডির রাজশাহী বিভাগ ও মেট্রোপলিটনে বদলি করা হয়। এরপর এ মামলার গতিও মন্থর হয়ে যায়। ২৫ জুলাই নতুন তদারক কর্মকর্তা সিআইডির বিশেষ পুলিশ সুপার শাহরিয়ার রহমান কুমিল্লা সেনানিবাসে যান। তিনি তনুর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।