'পর্দা টানা পার্টির' ৫ সদস্য গ্রেপ্তার
চট্টগ্রামে অভিনব কৌশলে চুরির অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এরা হলো মো. মোশাররফ (২৪), মো. হানিফ (২১), মো. জসিম (২৫), মো. খোকন (২০) ও মো. মানিক (১৮)। গত শনিবার রাতে হালিশহরের ছোটপুল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে হালিশহর থানার পুলিশ। পুলিশের দাবি, তারা ‘পর্দা টানা পার্টির’ সদস্য।
হালিশহর থানার ওসি শাহজাহান কবির জানান, ছোটপুল এলাকায় চুরির প্রস্তুতিকালে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, চুরি করার জন্য প্রথমে তারা একটি দোকান ঠিক করে। রাতে দলের কয়েকজন সদস্য প্রহরীর সঙ্গে গল্প করতে থাকে। বাকিরা দোকানের সামনে চাদর বা পর্দা বিছানোর ভান করে। এ সুযোগে দোকানের তালা বা শাটার কেটে নগদ টাকা ও মালামাল চুরি করে চাদরে মুড়িয়ে নিয়ে যায়। গত ১৫ মার্চ হালিশহর পিসি রোডের স্যামসাং মুঠোফোন বিক্রয়কেন্দ্র থেকে তারা এভাবে চুরির কথা স্বীকার করেছে।