বিশ্ব পর্যটন দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা
‘পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত জেলা প্রশাসন’
‘বিশ্বের দীর্ঘতম কক্সবাজার সমুদ্রসৈকতে এই মৌসুমে (অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত) প্রায় ১০ লাখ পর্যটকের আগমনের সম্ভাবনা রয়েছে। পর্যটকদের সেবা দেওয়ার পাশাপাশি তাঁদের সঙ্গে ভালো আচরণ করতে হবে। তাঁদের নিরাপদ ভ্রমণ এবং নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন প্রস্তুত রয়েছে।’ বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে এক সমাবেশে কক্সবাজারের জেলা প্রশাসক মো. জয়নুল বারী এসব কথা বলেন। এ সময় অন্যদের মধ্যে শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরসি) ফিরোজ সালাহ উদ্দিন চৌধুরী, পুলিশ সুপার সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুরুল আলম নিজামী, বিভিন্ন হোটেল ও মোটেল মালিক, পর্যটনপ্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পুলিশ সুপার সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, পর্যটকদের নিরাপত্তায় পুলিশ সদস্যদের সতর্কাবস্থায় রাখা হয়েছে। সমুদ্রসৈকতের পাশাপাশি কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের হিমছড়ি ঝলা স্পট, পাথুরে সৈকত ইনানী, টেকনাফ, সেন্ট মার্টিন, মহেশখালী, ডুলাহাজারা সাফারি পার্কসহ বিভিন্ন দর্শনীয় স্থানেও অতিরিক্ত পুলিশ টহলে রাখা হয়েছে।অতিরিক্ত জেলা প্রশাসক নুরুল আমিন নিজামী বলেন, সমুদ্রসৈকতের গুপ্তখালগুলোর পাশে লাল পতাকা তুলে দেওয়া হয়েছে। ডুবুরি ও উদ্ধারকর্মীর সংখ্যা বাড়ানো হয়েছে। জোয়ারভাটা ও গুপ্তখাল সম্পর্কে পর্যটকদের সচেতন করতে ব্যবস্থা নেওয়া হয়েছে। এর আগে জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয়। শোভাযাত্রায় ‘সবুজ পতাকা জোয়ারের প্রতীক, লাল পতাকা যেখানে, গোসল নয় সেখানে’, ‘নিরাপদ পর্যটন-আনন্দময় ভ্রমণ’, ‘অপরিচিত কারও সঙ্গে ভ্রমণে যাবেন না, কিছু খাবেন না’—ইত্যাদি লেখা-সংবলিত ফেস্টুন বহন করা হয়। তবে গতকাল পর্যটন দিবসেও সৈকতে পর্যটকের উপস্থিতি কম লক্ষ করা গেছে। সৈকত ভ্রমণে আসা ঢাকার মগবাজারের একটি হোটেলের ব্যবস্থাপক সালাহ উদ্দিন (৪৫) জানান, পর্যটন দিবসের বিশেষ এই দিনে পুরো সৈকত ফাঁকা দেখে তিনি হতাশ। ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন (টুয়াক) আহ্বায়ক মুফিজুর রহমান বলেন, গুপ্তখালগুলোর পাশে লাল পতাকা তুলে দেওয়ায় পর্যটকেরা আতঙ্কগ্রস্ত হচ্ছেন। এ কারণেই সৈকত প্রায় পর্যটকশূন্য। ঢাকা থেকে বিশেষজ্ঞ এনে গুপ্তখাল সৃষ্টির রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে। জেলা প্রশাসক মো. জয়নুল বারী জানান, পর্যটকদের নিরাপদ গোসল নিশ্চিত করতে সমুদ্রের নির্দিষ্ট এলাকায় লোহার নেট দিয়ে ঘিরে রাখতে হবে, যা ব্যয়বহুল ব্যাপার। এ জন্য ঊর্ধ্বতন মহলে প্রস্তাব পাঠানো হয়েছে। শিগগিরই তা বাস্তবায়ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।