'পর্যাপ্ত' শাস্তি রেখে মন্ত্রিসভায় উঠছে সড়ক পরিবহন আইনের খসড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইনমন্ত্রী আনিসুল হক। ফাইল ছবি
আইনমন্ত্রী আনিসুল হক। ফাইল ছবি

প্রস্তাবিত সড়ক পরিবহন আইনের খসড়া আইনি যাচাই (ভেটিং) করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে পাঠিয়েছে আইন মন্ত্রণালয়। আগামী সোমবার খসড়াটি চূড়ান্ত অনুমোদনের জন্য মন্ত্রিসভায় ওঠার কথা। আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, প্রস্তাবিত আইনে দুর্ঘটনায় মৃত্যু হলে যে শাস্তির বিধান রাখা হয়েছে, তা পর্যাপ্ত। মানুষ মেরে কম শাস্তি পেয়ে কেউ চলে যেতে পারবে না। এ ছাড়া বিদেশের মতো চালকের ভুলের জন্য ১২ পয়েন্ট রাখা হয়েছে। অপরাধের সঙ্গে সঙ্গে পয়েন্ট কাটা যাবে। যদি ১২ পয়েন্টই কাটা যায়, তাহলে ওই চালক কোনো দিনই আর ড্রাইভিং লাইসেন্স পাবেন না।

আজ বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইনমন্ত্রী এ কথা বলেন। আইনের খসড়াটি গত বছরের মার্চে মন্ত্রিসভায় নীতিগত অনুমোদন দেওয়া হয়েছিল। তাতে গাড়ি চালানোর জন্য চালকের কমপক্ষে অষ্টম শ্রেণি পাস হতে হবে। আর চালকের সহযোগীদের (কন্ডাক্টর) কমপক্ষে পঞ্চম শ্রেণি পাস লাগবে। এতে দুর্ঘটনার জন্য মৃত্যু বা অন্যান্য ক্ষেত্রে আগের মতোই দণ্ডবিধি অনুযায়ী শাস্তির বিধান রাখা হয়েছে। অর্থাৎ কেউ যদি গাড়ি চালিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে নরহত্যা করে, তাহলে ৩০২ ধারা অনুযায়ী শাস্তি দেওয়া হবে। আর মৃত্যু নয়, এমন ঘটনায় ৩০৪ ধারা অনুযায়ী সাজা দেওয়া হবে। শুধু দুর্ঘটনা হলে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড দেওয়া হবে।

প্রস্তাবিত আইনে গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করা যাবে না। ড্রাইভিং লাইসেন্স ছাড়া কেউ গাড়ি চালাতে পারবেন না। এসব অপরাধের জন্য বিভিন্ন মেয়াদে শাস্তি রাখা হয়েছে। নীতিগত অনুমোদিত খসড়া অনুযায়ী ফিটনেসবিহীন গাড়ি চালালে এক বছর কারাদণ্ড বা এক লাখ টাকা জরিমানা গুনতে হবে। আর সড়কে দুটি গাড়ি যদি পাল্লা দিয়ে (রেসিং) চালানোর সময় দুর্ঘটনা ঘটে, সে ক্ষেত্রে তিন বছরের কারাদণ্ড অথবা ২৫ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। বাসে নারী, শিশু ও প্রতিবন্ধীদের সংরক্ষিত আসনে কেউ বসলে বা তাদের না বসতে দিলে এক মাসের কারাদণ্ড অথবা পাঁচ হাজার টাকা জরিমানা করার বিধান রাখা হয়েছে।

সম্প্রতি ঢাকায় সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনার পর দীর্ঘদিনের আইনের খসড়ার ভেটিং শেষ করার বিষয়ে জানতে চাইলে বিষয়টিকে কাকতালীয় বললেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, তাঁর ধারণা আইনটি অনুমোদিত হলে সব অংশীজন ন্যায়বিচার পাবেন। ঢাকায় দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের বিচার ত্বরিতগতিতে করার ব্যবস্থা নেওয়া হবে।

১৯৯১ সালে সড়ক দুর্ঘটনায় নিজের স্ত্রী নিহত হওয়ার ঘটনা উল্লেখ করে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, সড়ক দুর্ঘটনা বা রেল দুর্ঘটনায় কেউ নিহত হলে তার পরিবারের কী অবস্থা হয়, সে বিষয়ে তাঁর অভিজ্ঞতা আছে। এ রকম ঘটনা যাতে আর না ঘটে, সে জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সরকারের যা যা উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন, তা করা হচ্ছে বলেও জানান তিনি।