'পলাতক' আবুল সক্রিয় মুঠোফোনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
logo
logo

রামপুরার শ্রমিক লীগ নেতা মোক্তার হোসেন হত্যা মামলার প্রধান আসামি আবুল কালাম ওরফে আবুল পুলিশের কাছে পলাতক। কিন্তু নিহতের স্বজন ও বন্ধুদের অভিযোগ, প্রতিদিনই মুঠোফোনে মামলা তুলে নেওয়ার হুমকি দিচ্ছেন আবুলসহ অন্য আসামিরা। পুলিশ বলছে, আবুলসহ ওই মামলার সব আসামিকে ধরার চেষ্টা চলছে।
প্রথম আলোর পক্ষ থেকে মুঠোফোনে আজ মঙ্গলবার সকালে যোগাযোগ করা হলে প্রধান আসামি আবুল কালাম নিজেকে নির্দোষ হিসেবে দাবি করেন। আবুল কালাম বলেন, ‘আমি লোক মারফত পুলিশকে দিয়া ইনকয়ারি (তদন্ত) করাইছি। তারা আমার দোষ খুঁইজ্জা পায় নাই।’
মোক্তারের স্বজন ও বন্ধুদের হুমকি দেওয়ার কথা অস্বীকার করে আবুল বলেন, ‘শত্রুতা কইর্যা মামলায় আমার নাম দেওয়া হইছে। আমি কয়েক মাস আগে ইয়াবাসহ ধরা পড়ছিলাম। এখন ভালো হইয়্যা গেছি। ভালো হওনের সময় অনেক বাধা আসে।’ নিজের অবস্থান সম্পর্কে আবুল কালাম জানান, তিনি এখন নোয়াখালী আছেন।
গত ২১ আগস্ট দুপুর ১২টায় পশ্চিম রামপুরায় হাশেমের চায়ের দোকানে নির্মমভাবে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে ২৩ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোক্তার হোসেনকে।
হত্যাকাণ্ডের পরপরই রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানিয়েছিলেন, সেদিন সকালে ইয়াবা বিক্রেতা আবুলকে ধরার অনুরোধ করে ফোন করেছিলেন মোক্তার। আবুলকে ধরার আশ্বাসও দিয়েছিলেন তিনি।

পরদিন ২২ আগস্ট এ ঘটনায় রমনা থানায় নয়জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করেন নিহত মোক্তারের বড় ভাই সিরাজুল ইসলাম। গতকাল সোমবার প্রথম আলো ডটকমকে তিনি জানান, ১২ দিন আগে মোক্তারকে হত্যা করা হয়েছে, অথচ একজন আসামিকেও ধরতে পারেনি পুলিশ।

সিরাজুল ইসলাম বলেন, ‘গত শনিবার থেকে আবুল ও মামলার ২ নম্বর আসামি মোমিন মুঠোফোনে বারবার আমাদের হুমকি দিচ্ছে। মোক্তারের বন্ধু শফিক ও তাঁর স্ত্রী আঁখিকে মামলা তুলে নিতে বলে। না হলে প্রতিশোধ নেওয়ার কথা বলে আবুল। পুলিশের তদন্ত কর্মকর্তাকে জানিয়েছি। আশ্বাস ছাড়া কিছুই মিলছে না।’

সিরাজুল ইসলাম আরও জানান, পশ্চিম রামপুরায় বসবাসকারী তাঁর আরেক ভাই মো. হানিফকে মামলা তুলে নেওয়ার হুমকি দিয়েছেন মামলার আরেক আসামি মোমিন। অথচ যেসব নম্বর থেকে আবুল ও মোমিন ফোন করছেন, তার একটি তালিকা পুলিশকে দেওয়া হয়েছে। 

এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা রমনা থানার উপপরিদর্শক আজম আলী তালুকদার প্রথম আলো ডটকমকে বলেন, ‘আসামিদের সবাই পালিয়ে আছে। ওরা যেসব নম্বর থেকে ফোন করে, তার তালিকা গোয়েন্দা পুলিশকে দেওয়া হয়েছে।’

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান বলেন, ‘পুলিশের সঙ্গে নিহত মোক্তারের সুসম্পর্ক ছিল। তবে আবুলসহ সব আসামিকে ধরার চেষ্টা চলছে। তাড়াতাড়িই ওদের ধরতে পারব। ওদের মোবাইল ফোন ট্র্যাক করা হচ্ছে।’

এদিকে মোক্তারকে যেখানে হত্যা করা হয় সেই চায়ের দোকানের মালিক হাশেম এরই মধ্যে এলাকা ছেড়েছেন। হত্যাকাণ্ডের আগে হাশেমের চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে বন্ধু আলতাফের সঙ্গে কথা বলছিলেন মোক্তার। পুলিশের কাছে ঘটনার বর্ণনা দিলেও কারও নাম বলেননি আলতাফ।

আসামিদের হুমকিতে মোক্তারের বন্ধু ও সহকর্মী অনেকেই পশ্চিম রামপুরা এলাকা ছাড়ার কথা ভাবছেন। নাম প্রকাশে অনিচ্ছুক মোক্তারের ঘনিষ্ঠ বন্ধু বলেন, ‘মাদকের বিরুদ্ধে সোচ্চার থাকার জন্য প্রাণ দিতে হয়েছে মোক্তারকে। কিন্তু মাদক কেনাবেচা আমাদের এলাকায় এখনো চলছে। এর সঙ্গে হুমকি দিচ্ছে আবুল ও মোমিনরা। তাই অন্য জায়গায় চলে যাব।’