ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ধর্ষণের ভিডিওচিত্র প্রকাশের জেরে নির্যাতিত নারী বিউটি খাতুনের (২২) আত্মহত্যার ঘটনায় জড়িতদের গত দুই দিনেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে এ মামলার প্রধান আসামি ও বিউটির সাবেক স্বামী ‘পলাতক’ মিঠু হোসেনকে গতকাল রোববার নিজ বাড়িতেই পাওয়া যায়।
বিউটি গত শুক্রবার রাতে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করার পরদিন গত শনিবার তাঁর ভাই কালীগঞ্জ থানায় মামলা করেন। এতে মিঠুকে প্রধান আসামি করা হয়। পুলিশ দাবি করছে, আসামিদের সবাই পলাতক রয়েছেন।
তবে উপজেলার কেয়াবাগান (আমবাগান) গ্রামে নিজ বাড়িতে গতকাল দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মিঠু দাবি করেন, বিউটিকে ধর্ষণ এবং ওই ঘটনার ভিডিওচিত্র ধারণ বা প্রকাশের সঙ্গে তিনি জড়িত নন। তাঁকে হয়রানি করতেই মামলাটি হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা ও কালীগঞ্জ থানার উপপরিদর্শক মুজিবর রহমান বলেন, আসামি মিঠু বাড়িতে থেকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন—এটি অবাক করার মতো খবর।