'পলাতক' খালেদা জিয়ার মামলা স্থানান্তর
বাসে আগুন দিয়ে হত্যার ঘটনায় বিএনপির চেয়ারপারসন ‘পলাতক’ খালেদা জিয়াসহ ৩৮ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে করা মামলাটি ঢাকার মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত এ আদেশ দেন। এ মামলায় অভিযোগপত্র অনুযায়ী খালেদা জিয়াসহ ৩১ জন পলাতক।
এ ছাড়া একই ঘটনায় করা হত্যা মামলার অভিযোগপত্র গ্রহণের বিষয়ে আদেশের জন্য আগামী ২ মার্চ তারিখ ধার্য করেছেন ঢাকার মহানগর হাকিম মারুফ হোসেন।
গত বছরের ২৩ জানুয়ারি রাতে যাত্রাবাড়ীতে গ্লোরি পরিবহনের একটি বাসে পেট্রলবোমা হামলার ঘটনায় ৩১ জন দগ্ধ হন। পরে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান। এ ঘটনায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে হুকুমের আসামি করে হত্যা এবং বিশেষ ক্ষমতা আইনে যাত্রাবাড়ী থানায় দুটি মামলা করা হয়।
সংশ্লিষ্ট সাধারণ নিবন্ধন শাখার উপপরিদর্শক হুমায়ূন কবির প্রথম আলোকে বলেন, দুটি মামলায় মহানগর গোয়েন্দা পুলিশ তদন্ত শেষে গত বছরের ৬ ও ১৯ মে খালেদা জিয়াসহ ৩৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। অভিযোগপত্রে খালেদা জিয়াসহ ৩১ জনকে পলাতক দেখিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন তদন্ত কর্মকর্তা। বিশেষ ক্ষমতা আইনে করা মামলাটির বিচার নিষ্পত্তি করতে তা ঢাকার মহানগর দায়রা জজ আদালতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
খালেদা জিয়া ছাড়া উল্লেখযোগ্য আসামিরা হলেন ভারতে আটক বিএনপির নেতা সালাহ উদ্দিন আহমদ, যাত্রাবাড়ীর সাবেক সাংসদ সালাউদ্দিন আহমেদ, তাঁর ছেলে তানভীর আহমেদ, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন, বিএনপির নেতা ও সাংবাদিক শওকত মাহমুদ, ঢাকা মহানগর বিএনপির সদস্যসচিব হাবিব-উন-নবী খান সোহেল, চেয়ারপারসনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আজিজুল বারী হেলাল, ছাত্রবিষয়ক সহসম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শরাফত উল্লাহ, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার, যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক নেওয়াজ আলী নেওয়াজ, বিএনপিপন্থী শিক্ষকনেতা সেলিম ভূঁইয়া, বিএনপির নেতা নবীউল্লাহ নবী প্রমুখ।