শ্রমিক সংগঠক আমিনুল ইসলাম হত্যার ঘটনায় অভিযোগপত্র দিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। অভিযোগপত্রে গোয়েন্দা সংস্থার সোর্স মোস্তাফিজুর রহমানকে একমাত্র আসামি করা হয়েছে। তিনি আমিনুল হত্যার পর থেকেই ‘পলাতক’। গত নভেম্বর মাসে অভিযোগপত্র দেওয়া হয় বলে সিআইডি সূত্রে জানা গেছে।
তবে আলোচিত এ হত্যা মামলার অভিযোগপত্রের বিষয়টি আমিনুলের স্বজনেরা জানেন না। আর তাঁর সংগঠনের সহকর্মীরা জেনেছেন কয়েক দিন আগে। কিন্তু এখনো তাঁরা অভিযোগপত্রের অনুলিপি হাতে পাননি বলে জানিয়েছেন। তাঁরা বলছেন, আমিনুলকে যেভাবে হত্যা করে আশুলিয়া থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে রাস্তার পাশে ফেলে রাখা হয়েছে, তাতে স্পষ্ট যে কাজটি কারও একার পক্ষে করা সম্ভব নয়। এ ছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সিআইডির প্রতিবেদনেও আমিনুল হত্যার আগে ও পরে মোস্তাফিজুরের সঙ্গে দুই গোয়েন্দা কর্মকর্তার যোগাযোগের তথ্য রয়েছে।
যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের অবাধ বাজার-সুবিধা (জিএসপি) স্থগিত হওয়ার অন্যতম কারণ হিসেবে আমিনুল হত্যার বিচার না হওয়াকে উল্লেখ করা হয়। শ্রমিকদের কয়েকটি আন্তর্জাতিক সংগঠন ও পোশাক ক্রেতাদের কয়েকটি জোটসহ বিভিন্ন মানবাধিকার সংগঠন আমিনুলের খুনের রহস্য উদ্ঘাটনের জন্য সরকারের ওপর চাপ দিয়ে আসছে।
আমিনুল ইসলাম বাংলাদেশ সেন্টার ফর ওয়ার্কার্স সলিডারিটির (বিসিডব্লিউএস) সংগঠক ও বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের নেতা ছিলেন। ২০১২ সালের ৪ এপ্রিল আশুলিয়া থেকে নিখোঁজ হওয়ার পরদিন তাঁর ক্ষতবিক্ষত লাশ পাওয়া যায় টাঙ্গাইলের ঘাটাইল থানা এলাকায়। বেওয়ারিশ হিসেবে আমিনুলের লাশ উদ্ধারের পর ঘাটাইল থানার উপপরিদর্শক (এসআই) শাহীন মিয়া অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা করেন। পরে আমিনুলের ভাই রফিকুল ইসলাম এ ঘটনায় মোস্তাফিজুর রহমান ও বোরকা পরা অজ্ঞাতনামা এক নারীকে আসামি করে ঘাটাইল থানায় আরেকটি এজাহার দেন। এতে বলা হয়, ২০১২ সালের ৪ এপ্রিল সন্ধ্যায় আমিনুলের আশুলিয়ার সংগঠনের কার্যালয়ে যান মোস্তাফিজুর। সঙ্গে ছিলেন ওই নারী। তাঁরা আমিনুলকে ডেকে নেওয়ার পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। এজাহারটি পুলিশের করা হত্যা মামলার সঙ্গে সংযুক্ত করা হয়। মামলাটি প্রথমে তদন্ত করে ঘাটাইল থানা, পরে টাঙ্গাইলের গোয়েন্দা পুলিশ (ডিবি)।
২০১২ সালের নভেম্বর মাসে মামলাটির তদন্তভার সিআইডিতে স্থানান্তরিত হয়। এক বছর তদন্ত শেষে গত নভেম্বর মাসে সিআইডির সহকারী পুলিশ সুপার ফজলুল কবীর মামলার অভিযোগপত্র টাঙ্গাইল জেলা আদালতে জমা দেন।
এ বিষয়ে ফজলুল কবীর প্রথম আলোকে বলেন, গত নভেম্বর মাসে মোস্তাফিজুরকে আসামি করে অভিযোগপত্র দেওয়া হয়েছে। আদালত তা গ্রহণ করেছেন।
তবে আমিনুল হত্যার পর থেকেই ‘পলাতক’ মোস্তাফিজুর। সর্বশেষ গত বছরের ১০ জুন সরকারের এক তথ্য বিবরণীতে মোস্তাফিজুরকে ধরতে এক লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়। প্রকাশ করা হয় তাঁর ছবি।
আমিনুলের সহকর্মীরা বলছেন, মোস্তাফিজুরের সঙ্গে সরকারের একটি গোয়েন্দা সংস্থার দুই কর্মকর্তাসহ বেশ কয়েকজনের যোগাযোগের তথ্য পাওয়া গেলেও তাঁদের অভিযোগপত্রে অভিযুক্ত করা হয়নি। আর আমিনুলকে যেভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছে, তাতে স্পষ্ট যে একাধিক ব্যক্তি তা ঘটিয়েছেন। একা মোস্তাফিজকে আসামি করে অভিযোগপত্র দেওয়া লোক দেখানো ব্যাপার বলে তাঁরা মনে করেন।
এদিকে একজন ‘নিখোঁজ’ ব্যক্তিকে অভিযুক্ত করে অভিযোগপত্র দেওয়ার ঘটনায় আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ কঠোর ভাষায় সরকারের সমালোচনা করেছে। আমিনুল অপহরণ, নির্যাতন ও হত্যা রহস্য উদ্ঘাটনে সরকার কী কী পদক্ষেপ নিয়েছে, তা জনসমক্ষে প্রকাশের দাবি জানিয়েছে সংগঠনটি। যেখানে পুলিশ একজন নিখোঁজ সন্দেহভাজনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দিয়েছে, সেখানে এই হত্যাকাণ্ডের সঙ্গে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের জড়িত থাকার বিষয়টি ঠিকমতো তদন্ত হয়নি বলে সংগঠনটি বিবৃতিতে জানিয়েছে।
মামলার বিভিন্ন সময়ের তদন্ত কর্মকর্তা ও আমিনুলের সহকর্মীরা জানান, মোস্তাফিজুর একসময় কুইন্স সাউথ নামে একটি কারখানার শ্রমিক ছিলেন। ২০০৯ সালে তাঁর চাকরি চলে যায়। এরপর তিনি শ্রমিক হিসেবে নিজের পরিচয় দিতেন। পরে টাঙ্গাইল ডিবির তদন্তে বেরিয়ে আসে, মোস্তাফিজুর ছিলেন একই সঙ্গে তিনটি সংস্থার সোর্স। এগুলো হলো জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর (এনএসআই), বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা) ও শিল্প পুলিশ। ওই সময়ের তদন্ত কর্মকর্তারা এই তিনটি সংস্থার একাধিক কর্মকর্তার সঙ্গে মোস্তাফিজুরের মুঠোফোন যোগাযোগের প্রমাণ পান। সংশ্লিষ্ট কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। মোস্তাফিজুর বেপজার মেডিকেল সেন্টারে দৈনিক বেতনভুক কর্মী হিসেবে বেতন পেলেও সেখানে কোনো কাজ করতেন না।
২০১২ সালের ৩ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চাঞ্চল্যকর মামলা তদারকি সেলের ৭১তম সভায় সিআইডি জানায়, আমিনুল খুন হওয়ার আগে ও পরে তাঁর সন্দেহভাজন খুনি মোস্তাফিজুর রহমানের সঙ্গে এনএসআইয়ের দুই কর্মকর্তা মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেন। ওই মুঠোফোন নম্বর দুটি ব্যবহার করেন এনএসআইয়ের সহকারী পরিচালক মামুনুর রশীদ ও মাঠ কর্মকর্তা লুৎফর রহমান। তবে এনএসআই কর্মকর্তারা আমিনুল হত্যাকাণ্ডে জড়িত কি না, তা ওই প্রতিবেদনে স্পষ্ট করে বলা হয়নি।
আমিনুলের সহকর্মী বিসিডব্লিউএসের নির্বাহী পরিচালক কল্পনা আক্তার গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ‘টাঙ্গাইল ডিবি ও সিআইডির তদন্তে মোস্তাফিজুরের সঙ্গে দুই সরকারি কর্মকর্তার যোগাযোগের প্রমাণ মিলেছে। কিন্তু শেষ পর্যন্ত সবাইকে বাদ দিয়ে মোস্তাফিজুরের নামে অভিযোগপত্র দেওয়া হয়েছে। আমরা বিভিন্ন সময় তদন্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে জানতে চেয়েছি, মোস্তাফিজুরের সঙ্গে যাঁদের যোগাযোগ ছিল, তাঁদের কেন বাদ দেওয়া হলো। তদন্ত কর্মকর্তা বলেছেন, ওই সরকারি কর্মকর্তাদের ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাঁরা বলেছেন, মোস্তাফিজুর তাঁদের কাজ করতেন। তাই তাঁর সঙ্গে তাঁদের যোগাযোগ ছিল। ওই কর্মকর্তাদের বিরুদ্ধে প্রত্যক্ষ কোনো সাক্ষ্য-প্রমাণাদি পাওয়া যায়নি।’
আমিনুলের স্ত্রী হোসনে আরা ফাহিমা বলেন, ‘পুলিশে চার্জশিট দিছে, না তদন্ত বন্ধ কইরা দিছে, কোনো খবর আমার কাছে নাই। আমারে কেউ খবর দেয়ও না, আমার খবর কেউ নেয়ও না।’