'পলিটিক্যাল পার্টিজ ইন বাংলাদেশ' বইয়ের প্রকাশনা উৎসব আজ

বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক রওনক জাহানের পলিটিক্যাল পার্টিজ ইন বাংলাদেশ বইয়ের প্রকাশনা উৎসব আজ শনিবার বিকেল সাড়ে চারটায় ঢাকার ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে বইটি নিয়ে আলোচনা করবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরী, জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য জি এম কাদের, অধ্যাপক ইমতিয়াজ আহমেদ ও অধ্যাপক আল মাসুদ হাসানুজ্জামান। বইয়ের লেখক ড. রওনক জাহানও আলোচনায় অংশ নেবেন।
অধ্যাপক রওনক জাহান ঢাকা, হার্ভার্ড ও কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে রাজনীতিবিজ্ঞান বিষয়ে শিক্ষকতা করেছেন। তিনি আইএলওসহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে নারীবিষয়ক কর্মসূচির নেতৃত্ব দিয়েছেন। বিশ্বের বিভিন্ন খ্যাতনামা প্রকাশনা প্রতিষ্ঠান থেকে তাঁর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ গ্রন্থ প্রকাশিত হয়েছে। রওনক জাহান হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের র্যা ডক্লিফ ইনস্টিটিউট সোসাইটি পুরস্কার পেয়েছেন। বর্তমানে তিনি সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানিত ফেলো এবং হিউম্যান রাইটস ওয়াচ এশিয়ার পরিচালকমণ্ডলীর সদস্য।
ইংরেজি ভাষায় লেখা পলিটিক্যাল পার্টিজ ইন বাংলাদেশ বইটি প্রকাশ করেছে প্রথমা প্রকাশন। মূল্য ৫৫০ টাকা। অনুষ্ঠানে বইটি ৪১৫ টাকায় পাওয়া যাবে বলে প্রথমা প্রকাশনের পক্ষ থেকে জানানো হয়েছে।