‘পলিথিন-রহস্য’ নিয়ে দুই পরিদর্শককে কারণ দর্শানোর নোটিশ
প্রথম আলোয় ১৩ অক্টোবর প্রকাশিত ‘পলিথিন-রহস্য এবং পরিবেশ অধিদপ্তরের নিষ্পাপ ভুল’ শীর্ষক প্রতিবেদন সম্পর্কে একটি বক্তব্য দিয়েছে পরিবেশ অধিদপ্তর। তাতে বলা হয়েছে, ক্রয়কারী প্রতিষ্ঠানের কাছে পলিথিন ব্যাগ সরবরাহে দায়িত্বে অবহেলার কারণে দুই পরিদর্শকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।এ সম্পর্কে খোঁজ নিয়ে জানা গেছে, দুই পরিদর্শককে প্রাথমিকভাবে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এর জবাব পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ হিসেবে তাঁদের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হতে পারে।বক্তব্যে অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক মো. শাহজাহান বলেন, অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ায় সর্বোচ্চ দরদাতাকে কার্যাদেশ দিয়ে পলিথিন ব্যাগগুলো বিক্রি করা হয়েছে। কাজেই দুর্নীতির অভিযোগ সঠিক নয়। দরপত্রের শর্ত অনুযায়ী ব্যাগগুলো কেটে ও ছিদ্র করে ক্রেতাকে সরবরাহ করা হয়। তবে বিপুল পরিমাণ ব্যাগের কোনো প্যাকেট ভুলবশত কাঁটা/ছিদ্র করা না-ও হয়ে থাকতে পারে।বক্তব্যে বলা হয়, প্রতিবেদনে ব্যাগের মূল্য ১০ কোটি টাকা, পুরোনো হলে প্রায় পাঁচ কোটি টাকা উল্লেখ করা হয়েছে। সে হিসাবে প্রতি কেজির মূল্য পড়ে দুই হাজার টাকা, যা বাস্তবভিত্তিক নয়। প্রতিবেদনে জব্দ করা পলিথিনের হিসাব নেই মর্মে যে তথ্য দেওয়া হয়েছে, তা-ও সঠিক নয়। কেননা, প্রতিটি অভিযানে ম্যাজিস্ট্রেট নিজে পলিথিন জব্দ করেন এবং মামলার আদেশনামায় জব্দ করা পলিথিনের পরিমাণ উল্লেখ করেন।প্রতিবেদকের বক্তব্য: গত ১০ আগস্ট অধিদপ্তর থেকে মেসার্স শাহ মালেকিয়া (র.) আল জিলানি প্লাস্টিককে দেওয়া কার্যাদেশের প্রথম শর্তেই বলা ছিল, পলিথিন ব্যাগ কেটে ওজন দিয়ে সরবরাহ নিতে হবে। ব্যাগ ছিদ্র করে দেওয়ার শর্ত কার্যাদেশে ছিল না। শর্তের ‘চ’ ধারায় বলা ছিল, নির্ধারিত সময়সীমার মধ্যে ব্যাগ কেটে সরবরাহ নিতে ব্যর্থ হলে কোনো কারণ দর্শানো ছাড়াই কার্যাদেশ বাতিল বলে গণ্য হবে।তা ছাড়া, ১ অক্টোবর র্যাব চট্টগ্রামের বাকুলিয়া থানার ফজলু আলী মুন্সি সড়কের একটি গুদাম থেকে পরিবেশ অধিদপ্তর থেকে বিক্রি করা ২১ দশমিক ৩০ মেট্রিক টন পলিথিন আটক করে। র্যাবের পক্ষ থেকে বলা হয়েছে, ওই পলিথিন ব্যাগ কাটা বা ছিদ্র হওয়া তো দূরের কথা, প্যাকেট পর্যন্ত খোলা হয়নি।অধিদপ্তরের পরিচালক (ঢাকা অঞ্চল) আবুল মনসুর ও ঢাকা মহানগর পরিচালক সুকুমার বিশ্বাসের কাছে জব্দ হওয়া মোট পলিথিনের পরিমাণ সম্পর্কে ১১ অক্টোবর জানতে চাওয়া হয়। তাঁরা লিখিতভাবে ২০০৯ থেকে ২০১১ সাল পর্যন্ত পরিচালিত অভিযানে মোট ৫৭ লাখ ২৮ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়েছে বলে উল্লেখ করলেও উদ্ধার করা মোট পলিথিনের পরিমাণ কত, তা জানাননি। মোট হিসাব তখন পর্যন্ত চূড়ান্ত হয়নি বলে জানিয়েছিলেন তাঁরা। এমনকি ১৩ অক্টোবর পাঠানো লিখিত বক্তব্যেও মোট পলিথিনের পরিমাণ জানাননি তাঁরা।