'পল্লিকবিকে বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরতে হবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পল্লিকবি জসীমউদ্‌দীনের ১১৫তম জন্মবার্ষিকী উপলক্ষে সোমবার সকালে ফরিদপুর সদর উপজেলার গোবিন্দপুরে কবির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন সংগঠন। ছবি: প্রথম আলো
পল্লিকবি জসীমউদ্‌দীনের ১১৫তম জন্মবার্ষিকী উপলক্ষে সোমবার সকালে ফরিদপুর সদর উপজেলার গোবিন্দপুরে কবির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন সংগঠন। ছবি: প্রথম আলো

পল্লিকবি জসীমউদ্‌দীন আমাদের গ্রামবাংলাকে নাগরিক সমাজের কাছে তুলে ধরেছেন। ছোটবেলায় তাঁর কবিতা পড়ে আমরা মামাবাড়ি যাওয়ার আনন্দ উপভোগ করতাম। পল্লিকবিকে বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরতে হবে।’ পল্লিকবি জসীমউদ্‌দীনের ১১৫তম জন্মবার্ষিকী উপলক্ষে কবির বাড়ি প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন বক্তারা।

আজ সোমবার সকাল নয়টার দিকে ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে কবির পৈতৃক বাড়ির প্রাঙ্গণে যৌথভাবে এ আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন ও জসীম ফাউন্ডেশন। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপপরিচালক আবু নঈম আবদুছ ছবুরের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. জামাল পাশা, আনসার উদ্দীন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর হোসেন, ফরিদপুর স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি আবদুল জলিল, কবি আবু বকর সিদ্দিকী প্রমুখ।

বক্তারা আরও বলেন, পল্লিকবির স্মৃতি ধরে রাখা এবং আগামী প্রজন্মের কাছে তাঁর কর্মকাণ্ড তুলে ধরার জন্যই কবির বাড়িসংলগ্ন এলাকায় নির্মাণ করা হয়েছে জসীম সংগ্রহশালা। এ সংগ্রহশালাকে কাজে লাগিয়ে কবির জীবন ও কর্ম পর্যালোচনার পাশাপাশি তাঁর লেখনী নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দেওয়াই হবে আমাদের প্রধান কাজ।

এর আগে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, জসীম ফাউন্ডেশন, ফরিদপুর সাহিত্য পরিষদ, কবির প্রতিষ্ঠিত আনসারউদ্‌দীন উচ্চবিদ্যালয়ের পক্ষ থেকে ডালিমগাছের তলায় শায়িত কবির সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

১৯০৩ সালের এই দিনে ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের তাম্বুলখানা গ্রামে মামাবাড়িতে জন্মগ্রহণ করেন জসীমউদ্‌দীন। ‘কবর’, ‘নিমন্ত্রণ’সহ অনেক স্মরণীয় কবিতা ও ‘নকশীকাঁথার মাঠ’ এবং ‘সোজন বাদিয়ার ঘাট’সহ অনেক কালজয়ী কাব্যগ্রন্থ রচনা করে তিনি বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন।

জসীমউদ্‌দীন ১৯৭৬ সালের ১৪ মার্চ ৭৩ বছর বয়সে ঢাকায় মারা যান। ওই দিনই ফরিদপুর সদরের অম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের পৈতৃক বাড়িতে ঐতিহাসিক ‘ডালিমগাছের’ তলায় তাঁকে দাফন করা হয়।