'পশুর হাট ও যানে চাঁদাবাজি রোধে ব্যবস্থা নেওয়া হয়েছে'
রংপুর বিভাগের আট জেলায় কোরবানির পশুর হাট ও যানবাহন আটকিয়ে চাঁদাবাজি রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। রংপুর রেঞ্জের উপমহাপরিদর্শকের (ডিআইজি) কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় ডিআইজি খন্দকার গোলাম ফারুক এসব কথা বলেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রংপুর বিভাগের আট জেলার পুলিশ সুপার, র্যাব-১৩-এর কমান্ডার, হাইওয়ে ও রেলওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা।
ডিআইজি খন্দকার গোলাম ফারুক বলেন, রংপুর বিভাগের ২০১টি স্থায়ী ও ১২৪টি অস্থায়ী কোরবানির পশুর হাটে চাঁদাবাজি ও ছিনতাই রোধ এবং জাল টাকার ব্যবহার বন্ধ করাসহ সব ধরনের অপরাধ প্রতিরোধে পদক্ষেপ নেওয়া হয়েছে। এসব কর্মকাণ্ডে পুলিশ, নৌ পুলিশ, রেলওয়ে ও হাইওয়ে পুলিশ এবং র্যাবের টহল জোরদার করা হয়েছে। এ ছাড়া প্রতিটি জেলার বিপণিবিতান ও গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অস্থায়ী পুলিশের ক্যাম্প ইতিমধ্যে বসানো হয়েছে। রংপুর বিভাগের ৬ হাজার ৯৯৫টি ঈদগাহে শান্তিতে নামাজ আদায় করতেও সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, মহাসড়কে স্টপেজ ছাড়া কোথাও গাড়ি দাঁড়াবে না। গাড়ি থামিয়ে চাঁদাবাজি চলবে না। কেউ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।