'পা ধরার পরও ট্রাক পুড়াইছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘পা ধরছি। বলছি, ভাই, গ্লাস ভাঙছেন। কিন্তু ট্রাকটা পুড়াইয়েন না। তবুও কথা শুনে নাই। নতুন ট্রাকটি শেষ কইর্যা দিছে।’ যাত্রাবাড়ী থানার সামনে আজ রোববার সকালে এ কথা বলেই আহাজারি করছিলেন নয়ন মিয়া। ২৫ বছরের এই যুবক তাঁর বাবা গিয়াসউদ্দিনের নামে একটি ট্রাক কিনেছিলেন, যেটি আজ ভোরে যাত্রাবাড়ী মীরহাজিরবাগ এলাকায় পুড়িয়ে দিয়েছেন হরতালের সমর্থকেরা।

চীনের তৈরি দুই টন ওজনের এই ট্রাকে আগুন দেওয়ার অভিযোগে বিল্লাল হোসেন (২০) নামের এক যুবককে স্থানীয় তামিরুল মিল্লাত মাদ্রাসা থেকে আটক করেছে পুলিশ। চাঁদপুরের জহিরুল হকের ছেলে বিল্লাল ওই মাদ্রাসার ফাজিল প্রথম বর্ষের ছাত্র। থানা হাজতে আটক বিল্লালকে দেখিয়ে নয়ন মিয়া দাবি করেন, ‘এই ছেলেটি নিজ হাতে পেট্রল ঢেলে আমার ট্রাকে আগুন দেয়।’

নয়নের ভাষ্য, গতকাল শনিবার রাঙামাটি থেকে ট্রাকে কাঁঠালবোঝাই করে তাঁরা ঢাকার উদ্দেশে রওনা দেন। আজ ভোর ছয়টার সময় যাত্রাবাড়ী মীরহাজিরবাগে আসার পরই প্রায় ১৫ জন হরতাল-সমর্থক তাঁদের ট্রাকে হামলা চালান। চালক আলাউদ্দিন সঙ্গে সঙ্গেই ট্রাকের আসন ছেড়ে বের হয়ে যান। কিন্তু নয়ন ট্রাকে আটকা পড়েন। হরতাল-সমর্থকেরা এলোপাতাড়ি ইট ছুড়ে মারলে বুকে আঘাত পান নয়ন। ট্রাক থেকে বের হয়ে তিনি পেট্রলভর্তি বোতল হাতে নিয়ে দাঁড়ানো বিল্লালের পা ধরেন। কিন্তু সঙ্গীরা ট্রাকের কাচ ভাঙার পর অনড় বিল্লাল পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন। পেছন দিকটি না পুড়লেও ট্রাকের সামনের আসন ও ইঞ্জিন একেবারেই পুড়ে যায়। এর পরই টহলে থাকা পুলিশ ঘটনাস্থলে চলে আসে।

নয়নকে ঘটনাস্থলে উপস্থিত কাজী মাহবুবুর রহমান জানান, হামলাকারীরা তামিরুল মিল্লাত মাদ্রাসার ছাত্র। সকাল পৌনে সাতটার সময় পুলিশ নিয়ে তামিরুল মাদ্রাসায় যান নয়ন। ওই সময় মাদ্রাসার বারান্দায় চার-পাঁচজনকে নিয়ে বসেছিলেন বিল্লাল। পুলিশ দেখে সঙ্গীরা দেয়াল টপকে পালিয়ে গেলেও বিল্লালকে আটক করে যাত্রাবাড়ী থানায় আনা হয়।

২০ লাখ টাকা মূল্যের ট্রাকটি হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন বলে জানান নয়ন। তিনি বলেন, ‘ব্যাংক ঋণ নিয়ে মাত্র ১৭ দিন আগে নতুন ট্রাকটি রাস্তায় নামাইছি। কিন্তু এখন আমার সব শেষ।’

নয়নের ট্রাকে হামলার আগে ঘটনাস্থলে ককটেল বিস্ফোরণ ঘটায় বলে প্রথম আলো ডটকমকে জানান প্রত্যক্ষদর্শী কাজী মাহবুবুর রহমান। তিনি বলেন, ‘ভোরে ফজরের নামাজ পড়ে আমি হাঁটতে বের হই। ১ নম্বর মিয়া বাড়ির সামনে ১৫ জন যুবক এই হামলা করে। চেহারা দেখে আমি বুঝতে পারি, এরা তামিরুল মাদ্রাসায় থাকে।’

মাদ্রাসায় পড়তে এসে এ ধরনের অপকর্মে জড়িয়ে পড়ছে বলে জানান যাত্রাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) অবনী শংকর কর। তিনি বলেন, যাত্রাবাড়ী ও ডেমরা এলাকায় শতাধিক মাদ্রাসা রয়েছে। এখানকার শিক্ষকদের ইন্ধনে বেশির ভাগ ছাত্র এমন কাজে জড়িয়ে পড়েন। তিনি আরও জানান, আটক বিল্লাল প্রাথমিক জিজ্ঞাসাবাদে ট্রাকে আগুন দেয়ার কথা স্বীকার করেছেন। তাঁকে ভ্রাম্যমাণ আদালতের কাছে সোপর্দ করা হবে।