‘পাঁচ বছর বিনা খরচে পড়তে পারবে রূপা’
‘রূপা ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত পাঁচ বছর বিনা খরচে পড়তে পারবে। এ সময়ে তার বইপত্র, খাতা-কলমসহ যাবতীয় বিনা মূল্যে সরবরাহের ব্যবস্থা করা হবে। তার জন্য একজন শিক্ষকেরও ব্যবস্থা করে দেওয়া হবে।’গতকাল সোমবার সকালে রূপার খোঁজখবর নিতে নগরের পূর্ব টাইগারপাস স্কুলে গিয়ে এসব আশ্বাস দেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক মো. আজিজ উদ্দিন। এ সময়ে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় প্রাথমিক শিক্ষা উপপরিচালক শাহ সুফী মোহাম্মদ আলী রেজা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিলকিস আরা বেগম, ডবলমুরিং থানা শিক্ষা কর্মকর্তা মো. তসলিম হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেঘনাদ বিশ্বাস প্রমুখ।পরে রূপাসহ ওই বিদ্যালয়ের অপর দুজন জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ কিনে দেওয়ার জন্য প্রধান শিক্ষকের হাতে পাঁচ হাজার টাকা তুলে দেওয়া হয়।রূপা আখতার এবার প্রাথমিক সমাপনী পরীক্ষায় চট্টগ্রাম জেলার ডবলমুরিং থানার মধ্যে সম্মিলিত মেধাতালিকায় তৃতীয় ও মেয়েদের মধ্যে প্রথম হয়েছে। সে নগরের আমবাগানের একটি বস্তিতে অত্যন্ত মানবেতর জীবন যাপন করেও এ ফল করে। তার বাবা-মা শ্রমজীবী মানুষের জন্য ভাত রান্না করে সংসার চালায়। সম্প্রতি রূপাকে নিয়ে প্রথম আলোতে প্রতিবেদন প্রকাশিত হয়।