'পাঁচ বছরে আইনি সহায়তা পেয়েছেন প্রায় ৬৮ হাজার'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সরকারের আইনগত সহায়তা কার্যক্রমের আওতায় গত পাঁচ বছরে ৬৭ হাজার ৯৩৭ জন অসচ্ছল ও সহায়সম্বলহীন মানুষ আইনি সহায়তা পেয়েছেন। জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি গতকাল রোববার এ তথ্য জানান।
আজ ২৮ এপ্রিল সোমবার দ্বিতীয়বারের মতো জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হবে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। এবার দিবসের প্রতিপাদ্য ‘গরিবের মামলার ভার বহন করে সরকার।’
দিবসটি উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে আইনমন্ত্রী বলেন, ২০০৯ সালে নয় হাজার ১৬০ জন দরিদ্র বিচারপ্রার্থী সরকারের কাছ থেকে আইনগত সহায়তা কার্যক্রমের মাধ্যমে বিচার পেয়েছেন। ২০১০ সালে এ সংখ্যা বেড়ে দাঁড়ায় ১১ হাজার ২৬৬। ২০১১ সালে ১২ হাজার ৫৬৮ জন এবং ২০১২ সালে ১৫ হাজার ৪৫০ জন আইনি সহায়তা পেয়েছেন। গত বছর এ সংখ্যা ছিল ১৯ হাজার ৪৯৩ জন।
আনিসুল হক বলেন, সহায়সম্বলহীন ও নানা ধরনের আর্থসামাজিক কারণে বিচার পেতে অসমর্থ বিচারপ্রার্থী মানুষকে বিপুল অর্থ ব্যয়ে সরকার এই আইনগত সহায়তা দিচ্ছে। আর্থিকভাবে অসচ্ছল মানুষ ছাড়াও এ কার্যক্রমের আওতায় বিচারপ্রাপ্তদের মধ্যে রয়েছেন অ্যাসিডদগ্ধ নারী-পুরুষ, বিধবা ও দুস্থ নারী, বিনা বিচারে আটক ব্যক্তি, প্রতিবন্ধী, পাচার হওয়া নারী ও শিশু এবং আর্থসামাজিক কারণে বিচার পেতে অক্ষম যেকোনো নাগরিক। এ ছাড়া সুপ্রিম কোর্টে এক হাজার ৪৭ জন আইনি সহায়তা পেয়েছেন, শ্রমিক আইন সহায়তা সেলের মাধ্যমে আইনি সহায়তা পেয়েছেন ৮২৯ জন শ্রমিক।
সংবাদ সম্মেলনে বলা হয়, প্রতিটি জেলা জজ আদালত ভবনে একটি ‘লিগ্যাল এইড অফিস’ স্থাপন করা হয়েছে। জেলা লিগ্যাল এইড কমিটিকে পুনর্গঠনের পাশাপাশি সারা দেশের উপজেলা কমিটি ও ইউনিয়ন কমিটি আইনগত সহায়তা কার্যক্রম পরিচালনা করছে।
দিবসটি উপলক্ষে আজ সারা দেশে নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দুপুর ১২টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে দিবসটির মূল অনুষ্ঠান হবে, এ ছাড়া রয়েছে লিগ্যাল এইড মেলা ও শোভাযাত্রা। জেলা পর্যায়েও বিভিন্ন সভা-সেমিনার, রক্তদান কর্মসূচি ও শোভাযাত্রা হবে।
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সহযোগিতায় আয়োজিত সংবাদ সম্মেলন অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক, জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার পরিচালক সৈয়দ আমিনুল ইসলাম প্রমুখ।