'পাঁচ বছরে কাঁয়ো আইসে নাই'
‘পাঁচ বছরে কাঁয়ো আইসে নাই। হামরা কী করি, কী খাই, কাঁয়ো একদিন পুচ (জিজ্ঞাসা) করে নাই। এখন সবায় হামার বাড়িতে আইসে। কী করোছি, কী আন্দোছি (রান্নাবান্না), সকাল-বিকাল-রাইতোত কী তরকারি দিয়া ভাত খাওচি, ছইলেরা স্কুলোত যায় কি না, আরও কত খবর নেয় ওঁরা (প্রার্থীরা)। শ্যাসোত (শেষে) কাঁয়ো কয় আপা, কাঁয়ো কয় মাও—মোর প্যাকে একনা দ্যাকেন, ভোটটা দেন। খালি ভোটকোনা ব্যারে গেইলে আর ওঁরা হামাক চিনবার নেয়।’ এভাবেই প্রার্থীদের ভোট প্রার্থনা সম্পর্কে নিজের মনোভাব জানালেন রংপুরের বদরগঞ্জ পৌরসভার শাহাপুর পূর্বপাড়া গ্রামের গৃহবধূ জিয়াছমিন বেগম (৩০)।
ওই গ্রামের আরেক নারী ভোটার মাহফুজা বেগমের (২৮) স্বামী একজন দিনমজুর। তিনি এর আগে একাধিকবার মেয়র ও স্থানীয় কাউন্সিলরের বাড়িতে সরকারি অনুদান পাওয়ার জন্য ঘুরেছেন। কিন্তু তাঁরা তাঁকে পাত্তাই দেননি বলে অভিযোগ করেন তিনি। এবার কোন প্রার্থীকে ভোট দেবেন—জানতে চাইলে মাহফুজা বলেন, ‘ভাইরে, নির্বাচনের আগে তো সবায় বড় বড় গলায় কথা কয়, নির্বাচিত হইলে তোমার এটা করমো, ওটা করমো। কিন্তু ভোট ব্যারে গেইলে সউগ ভুলি যায়। এবার কারও বড় বড় কথা শুনবারো নেই।’
বালুয়াভাটা গ্রামের সাজেদা বেগম (৪০) বলেন, ‘তাঁরা (প্রার্থীরা) একবার নির্বাচিত হলে এলাকায় আর পাওয়া যায় না। কোনো সমস্যা নিয়ে তাঁদের বাড়িতে যাওয়া হলে তাঁরা পাত্তায় দেন না।’
ওই গ্রামের আরেক ভোটার আবদুস সাত্তার (৫২) বলেন, ‘একবার ভোটোত হইলে সমস্যা নিয়া বাড়িত যাওয়ামাত্র কইবে, ঘুমাওচে। আর এ্যালা ওমার চউকোত (চোখে) ঘুম নাই। হামারে ঘুম হারাম করোচে।’
বালুয়াভাটা গ্রামের ভোটার আক্তারুল আলম (৪৮) বলেন, ‘ভোট আসলে চা-পান খেয়ে প্রার্থীর পক্ষে-বিপক্ষে নাচানাচি করি, এমনকি নিজেদের মধ্যে মারামারিও করি। কিন্তু ভোট বের হলে তাঁরা (প্রার্থীরা) আমাদের চেনেন না। ভোট নিয়া অহেতুক পাড়া-প্রতিবেশীর সঙ্গে আমাদের একে অপরের মনোমালিন্য হয়। এ কারণে এবার কোনো প্রার্থীর পক্ষে-বিপক্ষে কথা বলছি না। ভোটের দিন সোজা কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে আসব।’
বদরগঞ্জ পৌরসভার ভোটার সংখ্যা ১৭ হাজার ৪৮১ জন। এর মধ্যে নারী ভোটার ৭৭৭ জন ও পুরুষ ভোটার ৮ হাজার ৭০৪ জন। ৩০ ডিসেম্বর ওই ভোট অনুষ্ঠিত হবে বলে রিটার্নিং কর্মকর্তা জি এম সাহাতাব উদ্দিন জানিয়েছেন।