‘পাঁচ মাসের বসতি’তে দুর্ভোগের শেষ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটন স্পট জাফলং। প্রতিবছর নভেম্বর থেকে মার্চ—এই পাঁচ মাস জাফলংয়ের পিয়াইন নদে পুরোদমে চলে পাথর উত্তোলন। এই সময়টাতে বৃহত্তর সিলেটের ভাটি অঞ্চলের অভাবী মানুষ জীবিকার তাগিদে এখানে কাজের জন্য ভিড় জমায়। মাথা গোঁজার জন্য নদীর চরেই এরা গড়ে তোলে অস্থায়ী বসতি। তবে সেই বসতিতে বিশুদ্ধ খাওয়ার পানি, চিকিৎসা, স্যানিটেশনের অভাবসহ দুর্ভোগের শেষ নেই।খোঁজ নিয়ে জানা গেছে, কয়েক বছর ধরে বৃহত্তর সিলেটের হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ, মাধবপুর, বানিয়াচং এবং সুনামগঞ্জের দিরাই, শাল্লা, জামালগঞ্জ, তাহিরপুরসহ হাওরাঞ্চলের বিভিন্ন উপজেলার অভাবী মানুষ জীবিকার জন্য জাফলংয়ের পিয়াইন নদে পাথরশ্রমিকের কাজ নিচ্ছেন। এই শ্রমিকেরা অস্থায়ীভাবে মাত্র পাঁচ মাসের জন্য কাজে এলেও পরিবারের সদস্যদের নিয়ে চলে আসছেন। সরেজমিনে দেখা গেছে, পাথরশ্রমিকের কাজে নিয়োজিত প্রায় আড়াই হাজার মানুষ ২০০ ঝুপড়িঘর তৈরি করে একটি বস্তিতে অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করছে। এই বস্তির নাম ‘আজমিরী বস্তি’। দেখা গেছে, প্রতিটি ঝুপড়িঘরে একটি পরিবারের ১০-১২ জন সদস্য রয়েছে। এরা সবাই মানবেতর জীবন যাপন করছে। তবে বস্তিতে কোনো নলকূপ না থাকায় অনেকটা বাধ্য হয়েই এদের নদের পানি পান করতে হচ্ছে। এ অবস্থায় বস্তিবাসীর মধ্যে আমাশয়, ডায়রিয়াসহ নানা পানিবাহিত রোগ লেগেই থাকে। এমনকি স্যানিটেশনের ব্যবস্থা না থাকায় বিশেষ করে, নারীদের দুর্ভোগের শেষ নেই।বস্তির চল্লিশোর্ধ্ব এক নারী জানান, স্যানিটেশনের ব্যবস্থা না থাকায় রাতের আঁধারে নারীরা প্রাকৃতিক কাজ সারছেন। আফিয়া বানু (৫৫) নামের অপর এক নারী বলেন, ‘অসুখ-বিসুখ অইলে ডাকতর পাই না। এ কোন জায়গা রে বাবা! বুঝা যায় আদিম জগতঅ আছি।’শাল্লা উপজেলা থেকে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে এসেছেন আফসার আলী নামের চল্লিশোর্ধ্ব এক ব্যক্তি। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমি ইখানঅ বউসহ কামে আইছি। কিন্তু স্কুল না থাকনে দুই পোলারে পড়াশোনা করাইতে পারতাছি না। পত্তি বছর ইখানঅ মানুষ পাথ্বরের কাম করন-অ আয়, তাই একটা স্কুল অইলে ভালা অইত।’বস্তির পার্শ্ববর্তী মামার দোকান এলাকার রেস্তোরাঁ ব্যবসায়ী মো. শফিকুল ইসলাম বলেন, ‘আজমিরী বস্তিতে কোনো প্রাথমিক বিদ্যালয় না থাকায় পুরো বস্তির কয়েক শ শিশু শিক্ষালাভ থেকে বঞ্চিত হচ্ছে। এ ছাড়া চিকিৎসা, স্যানিটেশনসহ নানা সমস্যা তো রয়েছেই। অবস্থা দেখে মনে হচ্ছে, ওদের দেখার যেন কেউ নেই।’গোয়াইনঘাট উপজেলা চেয়ারম্যান আবদুল হাকিম চৌধুরী প্রথম আলোকে জানান, পিয়াইন নদের চরে বস্তি বানিয়ে যেসব শ্রমজীবী মানুষ সমস্যার মধ্য দিয়ে বসবাস করছে, তাদের সমস্যাগুলো বিবেচনা করে সমাধানের চেষ্টা করা হবে।